রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাঠে স্থানীয়ভাবে তৈরি হল টর্নেডো ! সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
স্থানীয়ভাবে তাপমাত্রা কমে যাওয়ার ফলে এই ঘটনা, দাবি বিশেষজ্ঞদের ৷ ক্যাম্পাসে কেউ না-থাকায় ঘটেনি কোনও বিপদ ৷

Published : March 19, 2025 at 9:15 PM IST
রায়গঞ্জ, 19 মার্চ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে টর্নেডো ৷ এমনই একটি ভিডিয়ো সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ জানা গিয়েছে, ঘটনাটি গত 15 মার্চ অর্থাৎ, শনিবারের ৷ স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের মাঠে হঠাৎই ঝড় ওঠে ৷ আচমকাই তা ছোটখাটো টর্নেডোর আকার ধারণ করে ৷ যদিও, তার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, মাঠের মধ্যে একটি জায়গায় একটি ঘূর্ণি তৈরি হয় ৷ সেখানে প্রচণ্ড ধুলো উড়তে শুরু করে ৷ যা ধীরে-ধীরে টর্নেডোর আকার ধারণ করে ৷ তবে, সেটি মাঠের মধ্যেই ঘুরতে থাকে তীব্র বেগে ৷ প্রায় মিনিট দু’য়েক সেটি স্থায়ী হয় ৷ আবার বিশ্ববিদ্যালয়ের মাঠের মধ্যেই তা মিলিয়ে যায় ৷ ফলে কোনও ক্ষতি হয়নি ৷
তবে, সেই টর্নেডোর ভিডিয়ো করার সময় কয়েকজনকে খুব কাছে চলে যেতে দেখা যায় ৷ যা নিয়ে পরবর্তী সময়ে উদ্বেগপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তবে, শনিবার ক্যাম্পাস বন্ধ থাকায় পড়ুয়ারা কেউ ছিলেন না ৷ ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ তবে, যাঁরা ভিডিয়ো করছিলেন, তাঁদের উদ্দেশ্যে সতর্কবার্তা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক রুমকি সরকার ৷
তিনি বলেন, "টর্নেডো তৈরি হওয়ার কারণ, সাধারণত যদি কোনও অঞ্চলের তাপমাত্রা অত্যাধিক কমে যায়, তার ফলে নিম্নচাপ তৈরি হয় ৷ আর তা যদি অক্ষাংশের 4 ডিগ্রির নিচে নেমে আসে তাহলে টর্নেডোর আকার ধারণ করে ৷ এক্ষেত্রেও তেমনটাই হয়েছে ৷ তবে, সেটা খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে হয়েছে ৷ তবে, যাঁরা ভিডিয়ো করছিলেন, তাঁদের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল ৷ কারণ, যে কোনও সময় টর্নেডোটি তাঁদের দিকেও চলে আসতে পারত ৷ ফলে এসব ক্ষেত্রে আগে নিজেদের সুরক্ষার দিকটা ভাবা উচিত ৷"

