গাড়ির কাচ তোলা ছিল বলে মাথাটা অক্ষত আছে, বারুইপুরের ঘটনায় বললেন শুভেন্দু
বারুইপুরে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়িকে কালো পতাকা দেখাল তৃণমূল ৷ রাস্তার ধারজুড়ে দাঁড়িয়ে থাকা শাসকদলের কর্মীরা দিল চোর-চোর স্লোগান ৷

Published : March 19, 2025 at 7:59 PM IST
বারুইপুর, 19 মার্চ: বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা । বুধবার বিকেলে বিরোধী দলনেতার কনভয় যাওয়ার সময়ে কালো পতাকা দেখায় তৃণমূল । দেওয়া হল 'চোর' স্লোগানও । বারুইপুরে পৌঁছতেই কার্যত তাঁর কনভয়ে হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয় । পাল্টা হুঙ্কার দিলেন শুভেন্দুও । 27 মার্চ এসপি অফিস অভিযানের ডাক দেন তিনি ।
শুভেন্দু বারুইপুরে পৌঁছতেই কার্যত তাঁর কনভয়ে হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয় । পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও বিরোধী দলনেতার গাড়িতে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় বলে অভিযোগ । কালো পতাকা দেখিয়ে স্লোগান দেওয়া হয়, "চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা ।" এরপরই বারুইপুরে সম্মুখ সমরে চলে আসে তৃণমূল ও বিজেপি । স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় গোটা এলাকা ।
এই বিষয়ে শুভেন্দু বলেন, "আজকে যা হল, সব হিসেব হবে । জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে তা ছোড়া হয়েছে বিজেপির কনভয় লক্ষ্য করে । গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত । গাড়ি থেকে নামলে লাঠি দিয়ে হামলা চালাত । 30 বার গাড়িতে মেরেছে । বিজেপি কর্মীদের অশ্রাব্য, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে । ওরা ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাব । আমরাও মোদীজীর সৈনিক, ভয় করি না ।"
পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "নির্বাচন কমিশন দেখুক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কি না । রাষ্ট্রপতি শাসনের দাবি করছি । এখানের পুলিশ সুপার যা করলেন, তার হিসেব হবে ।" পাশাপাশি ডিজি রাজীব কুমার ও এসপি বারুইপুরকেও হুঁশিয়ারি দেন শুভেন্দু । তাঁর উপর জেহাদি হামলার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক ।

