শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানের কাছে ক্ষমা, শো-কজের জবাব বিধায়ক নারায়ণ গোস্বামীর
মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে শো-কজ করে নোটিশ পাঠিয়েছিল তৃণমূলের জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি ৷ তার উত্তর দিলেন তিনি ৷

Published : January 30, 2025 at 7:55 PM IST
অশোকনগর, 30 জানুয়ারি: শো-কজের জবাব দিলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনার তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ৷ অশোকনগর উৎসবে আপত্তিকর মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এই তৃণমূল বিধায়ক ৷
বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছয় ৷ এরপর দলনেত্রীর নির্দেশে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাঁর বিরুদ্ধে জেলা শৃঙ্খলা রক্ষা কমিটিকে পদক্ষেপ গ্রহণ করতে বলেন ৷ একইসঙ্গে বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফেও তৃণমূল সুপ্রিমোর নির্দেশে তাঁকে শো-কজ করা হয় ৷ কিন্তু সেই শো-কজের জবাব দেওয়ার আগেই নারায়ণ গোস্বামী শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভন দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন ৷ পরিষদীয় মন্ত্রী অবশ্য তাঁকে সাফ জানিয়ে দেন, যতই ক্ষমা চান না কেন, তাঁকে লিখিত জবাব দিতেই হবে ৷
জানা গিয়েছে, এরপর বৃহস্পতিবার সকালে শোভন দেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শো-কজের জবাব দিয়ে আসেন তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী ৷ এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করেননি ঘাসফুল নেতা ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শো-কজের জবাবে নিজের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেছেন অশোকনগরের বিধায়ক ৷ পাশাপাশি ভবিষ্যতে তাঁর আচরণ নিয়ে সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন নারায়ণ ৷
এই চিঠির বিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "শোকজ নিয়ে কিছু বলব না ৷ যা বলার এবং বা সিদ্ধান্ত নেওয়ার, তা দলনেত্রীই নেবেন ৷" প্রবীণ নেতা জানান, শো-কজের জবাব জমা পড়েছে ৷ তিনি সেটি দলনেত্রীর কাছে পাঠাবেন ৷ তারপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় পরবর্তী ব্যবস্থা নেবেন ৷
আগামী 10 ফেব্রুয়ারি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক রয়েছে ৷ সেই বৈঠকে উপস্থিত থাকবেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেই বৈঠকে এই শো-কজ নিয়ে কোন পদক্ষেপ করেন, সেটাই এখন দেখার ৷

