ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পৌঁছল থানায়, পুলিশের সামনে একে অপরকে প্রাণনাশের হুমকি

থানা চত্বরে পুলিশের সামনে তৃণমূল নেতাকে মেরে ফেলার হুমকি দিলেন দলের আরেক নেতা ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের আউশগ্রামে ৷

TMC Inner Conflict in Ausgram Police Station
আউশগ্রাম থানায় দুই তৃণমূল নেতার বচসা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 10:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আউশগ্রাম, 23 মার্চ: প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! এবার থানার ক্যাম্পাসে ঢুকে তৃণমূল নেতাকে মেরে ফেলার হুমকি দিলেন দলের আরেক নেতা ৷ সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ আর বিতর্কিত ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানায় (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে থানার মধ্যে এক ব্যক্তিকে (পড়ুন তৃণমূল নেতাকে) পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে ৷ তাঁকে অন্যদিক থেকে আরেকজন (পড়ুন তৃণমূল নেতা) হুমকি দিচ্ছে ৷ তাঁকে মারধর করার সঙ্গে একাধিক উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে ৷ পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা তাঁদের দু'জনকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ৷

কী ঘটনা ঘটেছে

আউশগ্রামের 2 নম্বর ব্লকের ধনডাঙা অঞ্চলে একটা নিকাশিনালা নির্মাণের গুণগত মান নিয়ে আলোচনা চলছিল ৷ সেখানে ছিলেন রেজাউল মল্লিক নামে একজন কৃষক ৷ তিনি তাঁর জমিতে চাষের কাজ করছিলেন ৷ তখন তাঁর চোখে পড়ে জমি লাগোয়া রাস্তার পাশে নিকাশিনালা নির্মাণের কাজ চলছে এবং তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে ৷

তিনি বিষয়টি নিয়ে অভিযোগ জানালে এদিন ঠিকাদারের কিছু লোকজন, তৃণমূল নেতা অরূপ মির্ধা (অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা) এবং আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী লাঠি, রড নিয়ে রেজাউল মল্লিক ও অন্যান্যদের উপরে চড়াও হয় বলে অভিযোগ ৷ তাঁদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ ৷

রেজাউল মল্লিক ঘটনার কথা জানিয়ে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করতে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাল্কি পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখ ৷ সেখানে থানার ভিতরে দুই তৃণমূল নেতা সাদেরুল শেখের সঙ্গে অরূপ মির্ধার গোলমাল বাধে ৷ পুলিশের সামনেই বচসা শুরু হয় ৷

অভিযোগ, পুলিশের সামনেই অরূপ মির্ধা আরেক তৃণমূল নেতা সাদেরুল শেখকে প্রাণনাশের হুমকি দেন ৷ পুলিশ দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় ৷ অরূপ মির্ধা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেজাউল মল্লিক ৷

ভাল্কি পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা সাদেরুল শেখ আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, রবিবার বিকেলে কৃষকদের সঙ্গে অরূপ মির্ধার বিবাদ শুরু হয় ৷ সেই সময় সাদেরুল কৃষকদের কথা শুনতে থানায় গিয়েছিলেন ৷ সেখানে অরূপ মির্ধা তাঁকে প্রাণনাশের হুমকি দেন ৷ থানায় গোলমাল শুরু হলে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ৷

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অরূপ মির্ধা ৷ তাঁর দাবি, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না ৷ তাঁর পাল্টা অভিযোগ, রেজাউল মল্লিক ও অন্যরা ঠিকাদারের কাছে কাটমানি চাইছিলেন ৷ তখন স্থানীয়দের সঙ্গে তাঁদের তর্কাতর্কির জেরে ধাক্কাধাক্কি হয় ৷ এই পরিস্থিতিতে তৃণমূল নেতা অরূপ মির্ধাকে থানায় ডেকে পাঠানো হয় ৷ তিনি সেখানে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় ৷ আউশগ্রাম থানার পুলিশ জানিয়েছে, রেজাউল মল্লিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কেউ গ্রেফতার হয়নি ৷