মদ্যপদের নিয়ে নাজেহাল, কার্যালয়ে পোস্টার দিলেন তৃণমূল জেলা সভাপতি
মদ খেয়ে আসবেন না ৷ তৃণমূল কার্যালয়ের সামনে পোস্টার ঘিরে চাঞ্চল্য ৷ কী বলছেন জেলা সভাপতি ?

Published : December 27, 2024 at 5:28 PM IST
মেদিনীপুর, 27 ডিসেম্বর: 'মদ্যপান করে বা নেশাগ্রস্ত অবস্থায় অফিসের মধ্যে প্রবেশ করবেন না' ৷ তৃণমূলের জেলা কার্যালয়ের সামনে এহেন পোস্টারকে ঘিরে চাঞ্চল্য মেদিনীপুর শহরে ৷ তৃণমূলের জেলা সভাপতি তথা নব নির্বাচিত বিধায়ক সুজয় হাজরার বাড়িতে তৈরি জেলা কার্যালয়ের গেটে দেওয়া এই পোস্টারকে কটাক্ষ করেছে বিজেপি । তাদের বক্তব্য, এই পোস্টারের মাধ্যমে বকলমে জেলা সভাপতি স্বীকার করে নিলেন যে তাদের দলে মাতাল রয়েছে ।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মির্জাবাজার সংলগ্ন এলাকার । মেদিনীপুরের সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূলের নব নির্বাচিত বিধায়ক সুজয় হাজরা নিজের বাড়িতে অফিস করেছেন ৷ সেখানে বসে দলীয় কাজকর্ম দেখেন । প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তাঁর কাছে ওয়ার্ড-সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ অভাব অভিযোগ নিয়ে আসেন । সেই অভাব অভিযোগ তিনি যেমন অফিসে বসে শোনেন তার পাশাপাশি সমস্যার সমাধানও করেন ।
বিধায়কের দাবি, প্রতিদিন এক ও একাধিক মদ্যপ ব্যক্তি অভাব-অভিযোগ শোনানোর নাম করে তাঁর অফিসে ঢুকে পড়ছে । তাতেই তিতিবিরক্তিতে একপ্রকার নাজেহাল হয়ে উঠেছেন তিনি । তাই বাধ্য হয়েই তিনি এই পোস্টার দেন বলে জানা গিয়েছে ৷
এই বিষয়ে বিধায়ক সুজয় হাজরার বক্তব্য, "এটা শুধু আমার অফিস না, এটা আমার বাড়ি । যেখানে আমার সত্তরোর্ধ্ব মা থাকেন ৷ মানুষ অভাব অভিযোগ করার নাম করে মদ্যপান করে চলে আসুক এটা আমি পছন্দ করি না । বহু মানুষ সকাল সন্ধ্যায় মদ্যপ অবস্থাতেই অফিসে ঢুকে পড়ে ৷ তাতে বাড়ির লোক বিরক্ত বোধ করে । তাই বাধ্য হয়েই এই পোস্টার দেওয়া হয়েছে ৷ এটা খারাপ কিছু না ।"
যদিও এই নিয়ে বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইত বলেন, "এটাই কাম্য । কারণ তৃণমূলে এসব চোর ছ্যাঁচড়া মাতালরাই রয়েছে । যার জন্য তিতি বিরক্ত হয়ে একজন জেলা সভাপতি খোদ নিজে স্বীকার করে নিয়েছেন এবং তাদের আটকাতে তিনি পোস্টার সাঁটিয়েছেন তার কার্যালয়ে । এটা গোটা রাজ্যবাসী জানে ।"

