ETV Bharat / state

সরস্বতী পুজোর অনুষ্ঠানে বাইরের অতিথি, আয়োজকদের উপর হামলা তৃণমূল নেতার ! আহত 4

পুরস্কার বিতরণীতে আমন্ত্রিত অতিথির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ৷ গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে ৷

CHAOS OVER SARASWATI PUJA
সরস্বতী পুজোর অনুষ্ঠানে বাইরের অতিথি ডাকায় হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 5, 2025 at 9:11 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 5 ফেব্রুয়ারি: আমি থাকতে এই এলাকায় সরস্বতী পুজোর প্রতিযোগিতায় অন্য অতিথিকে ডাকা হল কেন ? এমনই হুঙ্কার তৃণমূল নেতা এবং তাঁর ভাইয়ের ! শুধু তাই নয়, ধারালো অস্ত্র নিয়ে অতিথি ও আয়োজকদের উপর হামলা করার অভিযোগও উঠেছে ৷ ঘটনায় মোট 4 জন আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, সরস্বতী পুজো উপলক্ষে মঙ্গলবার রাতে অন্ডালের নব কাজোড়া কুড়মি পাড়ায় খেলাধূলার আয়োজন করা হয়েছিল ৷ সেই প্রতিযোগিতায় অতিথি হিসাবে ডাকা হয়েছিল স্থানীয় সমাজসেবী হিসাবে পরিচিত রাজ কুমার নামে এক ব্যক্তিকে ৷ অভিযোগ, সেখানেই আপত্তি তোলেন বিধায়ক হরেরাম সিংয়ের অনুগামী হিসাবে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সাহিল সিং ও তাঁর ভাই সানি সিং ও তাঁদের দলবল ৷

সরস্বতী পুজোর অনুষ্ঠানে বাইরের অতিথি ডাকায় হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

অভিযোগ, মঞ্চে উঠে অতিথিকে সেখান থেকে চলে যেতে বলেন সাহিল এবং তাঁর দলবল ৷ তবে, পাল্টা প্রতিবাদ করেন রাজ কুমার এবং আয়োজকরা ৷ কিন্তু, প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ রাজ কুমার, পঙ্কজ কুমার, উপেন্দ্র গৌড় এবং মহেন্দ্র গৌড়, এই চারজন অস্ত্রের আঘাতে আহত হন ৷ তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

অভিযোগ, মঙ্গলবার রাতভর ওই এলাকায় একাধিক বাড়িতে হামলা চালান সাহিল এবং তাঁর লোকজন ৷ বহু বাড়িতে ইট ছোড়া হয় ৷ এরপর অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাহিল সিং এবং যোগিন্দর প্যাটেলকে গ্রেফতার করে ৷ উদ্ধার করা হয় হামলায় ব্যবহার হওয়া অস্ত্রও ৷ এই ঘটনায় বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

এ নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল-পান্ডবেশ্বর) পিন্টু সাহা বলেন, "অভিযোগ পেয়ে অভিযুক্ত সাহিল সিং এবং যোগিন্দার প্যাটেলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁদেরকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছিল ৷ মূল অভিযুক্ত সাহিল সিংকে চারদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত আছে, তাঁদের সবাইকে গ্রেফতার করা হবে ৷"

স্থানীয় বাসিন্দা বিমেশ কুমার অভিযোগ করেন, "আমরা তফসিলি জাতি উপজাতি সম্প্রদায় ভুক্ত ৷ খুব কষ্ট করে সরস্বতী পুজোর আয়োজন করেছি ৷ সেই পুজোয় এসে তৃণমূল নেতা সাহিল সিং এবং তাঁর ভাই সানি সিং ও তাঁদের কয়েকজন অনুগামী হামলা চালালো ৷ রাজকুমারকে অতিথি করেছিলাম বলে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালায় ৷ রাজকুমার বাবুর গাড়ি ভাঙচুর করে দেওয়া হয় ৷ বাড়িতে-বাড়িতে পাথর ছোড়া হয়েছে ৷ অন্ডাল থানায় আমরা অভিযোগ দায়ের করেছি ৷"

দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত পঙ্কজ কুমার বলেন, "আমরা ছাত্র ৷ চাকরির জন্য পড়াশোনা করছি ৷ সাহিল সিং এলাকার তৃণমূল নেতা ৷ সাহিল সিং বিধায়ক হরেরাম সিংয়ের অনুগামী ৷ আমাদেরকে ছুরি দিয়ে আঘাত করেছে ৷ আমাদের বাড়িতে ইঁট বৃষ্টি করা হয়েছে ৷"