গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধর তৃণমূল নেতার !
আবারও দাদাগিরি অভিযোগ শাসক শিবরের নেতার বিরুদ্ধে। এবার দফতরে ঢুকে পঞ্চায়েত সচিবকে মারধরের অভিযোগ। যদিও নেতার দাবি, আলোচনা করছিলেন। মারধরের কোনও ঘটনা ঘটেনি।

Published : March 21, 2025 at 10:00 PM IST
কোচবিহার, 21 মার্চ: গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে পঞ্চায়েত সচিবকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের নাটাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মারধরের ওই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এ নিয়ে বৃহস্পতিবার তুফানগঞ্জ থানায় বিজেপির তরফে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল অধিকারী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমুল নেতা প্রদীপ দাস। তিনি বলেন, "বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত উন্নয়ন মূলক কাজ করার ক্ষেত্রে তৃণমূলের সদস্যদের সাথে আলোচনা করে না। এদিন তাই অভিযোগ জানাতে গিয়েছিলাম। কাউকে মারধর করা হয়নি।"
গত পঞ্চায়েত নির্বাচনে নাটাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। তারপর থেকে বিভিন্ন ইস্যুতে ওই গ্রাম পঞ্চায়েতে ঝামেলা করে তৃণমূল। এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। জানা গিয়েছে, বুধবার দলবল নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ দাস। অভিযোগ, আলোচনা চলাকালীন আচমকা পঞ্চায়েত সচিব অরুণ কুমার চক্রবর্তীকে মারধর করে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তাঁর লোকজন। সেই সময় গোলমাল থামাতে এগিয়ে এলে আরও দুই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অফিসের কম্পিউটার থেকে শুরু করে সরকারি কাগজপত্র লোপাট করা হয়।
গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল অধিকারী জানান, দরকারি কাজে তিনি শ্মশানঘাট পরিদর্শনে গিয়েছিলেন। সে সময় পঞ্চায়েতের অফিসে ঢুকে সচিব-সহ দু’জন সরকারি আধিকারিককে বেধড়ক মারধর করেন তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে অন্যরা। অফিসের কম্পিউটার সহ যাবতীয় তথ্য লোপাট করা হয়। কার্যালয়ের সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিন্দায় সরব হয়েছে বিজেপি।

ঠিক একদিন আরও একটি ভাইরাল ভিডিয়ো অস্বস্তিতে ফেলেছিল তৃণমূলকে। মানকরে সরকারি প্রকল্পের 'কাটমানি' নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের সঙ্গে ঠিকাদারের দর-কষাকষি চলছে-এমনই ভিডিয়ো ঘুরপাক খাচ্ছিল একাধিক বিজেপি নেতার সোশাল মিডিয়া পোস্টে ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক ৷ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানকরের পঞ্চায়েত প্রধান ৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও ।

