ETV Bharat / state

'ভূতুড়ে ভোটার' নিয়ে অভিষেকের বৈঠক, ফের দিন বদল

'ভূতুড়ে ভোটার' তালিকা নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। 15 মার্চ ভার্চুয়াল মাধ্যমে দলের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

TMC MP Abhishek Banerjee
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 9, 2025 at 10:38 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 মার্চ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকের দিনক্ষণ আবারও পরিবর্তন করা হয়েছে ৷ এর আগে 15 মার্চ নির্ধারিত এই বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল ৷ তা প্রথমে পিছিয়ে 16 মার্চ করা হয়েছিল ৷ রবিবার জানা গেল বৈঠক হবে 15 তারিখ ৷

ওইদিন বিকেল 4টেয় ভার্চুয়ালি এই বৈঠক পরিচালনা করবেন তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ ৷ তৃণমূল সূত্রের খবর, দলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করবেন ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, হোলি ও দোল উৎসবের কারণে বৈঠক 16 তারিখে স্থানান্তরিত হবে ৷ কিন্তু শেষ পর্যন্ত 15 তারিখই বৈঠক হবে ৷

‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে দলীয় প্রস্তুতি

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ‘ভূতুড়ে’ ভোটারের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ এরপর নেতাজি ইন্ডোরে দলের সভাতেও তিনি অভিযোগ করেন, বিজেপি ভুয়ো ভোটারদের ব্যবহার করে 2026 সালের বিধানসভা নির্বাচনে সুবিধা নেওয়ার পরিকল্পনা করছে ৷ নির্বাচন কমিশনের প্রশ্রয়ে এই কাজ চলছে বলেও অভিযোগ করেন তিনি ৷

‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিত করতে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা রয়েছেন ৷ গত বৃহস্পতিবার, 6 মার্চ তৃণমূল ভবনে এই কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হলেও, ব্যস্ততার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকতে পারেননি ৷ এরপর তিনি 15 মার্চ ভার্চুয়াল বৈঠকের ডাক দেন ৷ এই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য এবং জেলার প্রতিনিধিদের রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ৷ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তা উপস্থাপন করা হবে ৷

জাতীয় নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি
অন্যদিকে, তৃণমূলের লাগাতার চাপে শেষমেশ নরম হয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ তারা জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে 'ভূতুড়ে' ভোটারদের তালিকা থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে ৷ তবে এত কম সময়ের মধ্যে এই কাজ কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল ৷ এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি আলোচনা করবে দল ৷