ETV Bharat / state

ব্রিগেডের প্রচারে সোশালে লাল থেকে নীল হল সিপিআইএম ! রং বদলে কটাক্ষ তৃণমূল-বিজেপির

ব্রিগেড সমাবেশের প্রচারে সোশাল মিডিয়ায় 'রং বদল' বঙ্গ সিপিআইএমের ৷ পোস্ট শেয়ার করে খোঁচা তৃণমূলের দেবাংশুর ৷

CPIM Turns Blue
ব্রিগেড সমাবেশের প্রচারে সোশাল মিডিয়ায় 'রং বদল' বঙ্গ সিপিআইএমের ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 1:48 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 মার্চ: এপ্রিলের কুড়ি তারিখ ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে কৃষক-খেতমজুর-শ্রমিক সংগঠনের ডাকে সমাবেশের আয়োজন করেছে সিপিআইএম ৷ যার প্রচারে সোশাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলেছে তারা ৷ যেখানে দলীয় প্রতীক কাস্তে-হাতুড়ির ব্যাকগ্রাউন্ড বদলে লাল থেকে সোজা আসমানী নীল করে দিয়েছে সিপিআইএম ৷ আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি ৷

বঙ্গ সিপিআইএমের সোশাল মিডিয়া পোস্ট শেয়ার করে, তা নিয়ে বিদ্রুপ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ উল্লেখ্য, সিপিআইএমের দলীয় পতাকা মানেই চিরাচরিত লাল ব্যাকগ্রাউন্ডের উপর সোনালি কাস্তে-হাতুড়ি ৷ কিন্তু, ব্রিগেড সমাবেশের প্রচারে সেই লাল রং সরিয়ে নীল আকাশে সোনালি কাস্তে-হাতুড়ির ছবি ব্যবহার করা হয়েছে ৷

CPIM Turns Blue
সিপিআইএমের ফেসবুকের কভার ছবি ৷ (ছবি- সিপিআইএমের ফেসবুক স্ক্রিনশট)

আর সেই নিয়ে সোশাল মিডিয়ায় দেবাংশুর কটাক্ষ, "এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা ? ১. নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে, 'আজ নীল রঙে মিশে গেছে লাল...' ২. মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল ৷"

উল্লেখ্য, শাসকদল তৃণমূল তাদের দলীয় কর্মসূচি এমনকি, সরকারি যে কোনও কর্মসূচিতে নীল-সাদা রং ব্যবহার করে ৷ আর সেখানে তৃণমূলও আসমানী নীল রংকেই গুরুত্ব দেয় ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, কার্যত সেই যুক্তিতেই দেবাংশু 'লাল শিবিরকে' কটাক্ষ করেছেন ৷

CPIM Turns Blue
সিপিআইএমকে কটাক্ষ করে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের পোস্ট ৷ (ছবি- দেবাংশুর ফেসবুক স্ক্রিনশট)

যদিও, দেবাংশুকে পালটা জবাবও দিয়েছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য ৷ তিনি বলেন, "দেবাংশুর, রূপম ইসলামের গান মনে পড়েছে বিষয়টা ভালো ৷ কিন্তু, ছবিটা দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান মনে পড়ল ৷ আমার মনে পড়েছে — 'মেঘের কোলে রোদ হেসেছে...' ৷ কয়লা, বালি, গরু সবকিছুতেই একচ্ছত্র আধিপত্য চাই তৃণমূলের ৷ ওরা কোনও কিছুই হাতছাড়া করতে চায় না ৷ এখন নীল-সাদা, আকাশি রঙের আধিপত্য চাইছে তারা ৷ তাই যদি হয়, গতবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ৷ এখন তৃণমূল মনে করতেই পারে ওটা মেসির নেতৃত্বে বিশ্বকাপ জেতা নয় ৷ তৃণমূলের অভিষেকের নেতৃত্বে বিশ্বকাপ জেতা ৷ এ সমস্ত অযৌক্তিক কাণ্ডকারখানা ঘটিয়ে নিজেদের আরও হাসির পাত্র করে তুলছে ৷"

তবে, এই ইস্যুতে সিপিআইএম ও তৃণমূল দুই দলকেই নিশানা করেছেন বিজেপি মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্য ৷ বঙ্গ সিপিআইএমকে মৌলবাদী বলেও সমালোচনা করেন তিনি ৷ শমীক বলেন, "কোনও রঙের প্রতি কারও একচ্ছত্র আধিপত্য থাকে না ৷ এই আধিপত্য থাকাটা কাঙ্ক্ষিত নয় ৷ কিন্তু, মহম্মদ সেলিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এখন মৌলবাদী হয়ে গিয়েছে ৷ লাল থেকে নীল-সাদা এসে গিয়েছে ৷"

সিপিআইএমের বিরুদ্ধেও সংখ্যালঘু ভোটব্যাংকের রাজনীতির অভিযোগ তুলেছেন শমীক ৷ তিনি বলেন, "এখন পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে সংখ্যালঘু ভোটব্যাংক একজোট করা ৷ এরপরে চাঁদ-তারা চলে আসবে ৷ এখন তো সিপিএমের হাতে কোর ভোটারদের অ্যাড্রেস করার মতো কিছু নেই ৷ পশ্চিমবঙ্গের কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে ৷ সিপিএম কিছু করছে আন্দোলন কৃষকদের জন্য ! কিছুই করছে না ৷"