ETV Bharat / state

শুভেন্দুর কর্মসূচি ঘিরে উত্তপ্ত কাঁচড়াপাড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ঝরল রক্ত

বারাসতের পর এবার কাঁচড়াপাড়া। ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কাঁচরাপাড়ার গান্ধি মোড় এলাকা।

Suvendu Adhikari
শুভেন্দুর কর্মসূচি ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 14, 2025 at 12:07 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ব্যারাকপুর, 13 অগস্ট: বারাসতের পর এবার কাঁচড়াপাড়া। ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কাঁচরাপাড়ার গান্ধি মোড় এলাকা। মিছিল থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা, মারধর করার অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। মারধরে আক্রান্ত হয়েছেন শাসকদলের বেশ কয়েকজন কর্মী।

দুই পক্ষের সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে। অভিযোগ, 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অপরাধে বিজেপির কর্মীরা ঝান্ডা দিয়ে আঘাত করে তাঁর মাথায়। তার জেরেই মাথা ফেটে রক্ত বেরতে থাকে বলে দাবি আক্রান্ত ওই তৃণমূল কর্মীর। এই ঘটনা ঘিরে বুধবার পরিস্থিতি রীতিমতো তপ্ত হয়ে ওঠে গান্ধি মোড় এলাকায়। তবে, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই তা তৎপরতার সঙ্গে সামাল দিয়েছে পুলিশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কাঁচড়াপাড়া (ইটিভি ভারত)

দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে একই পরিস্থিতি তৈরি হয়েছিল জেলা সদর বারাসতেও। শহরের প্রাণকেন্দ্র চাঁপাডালি মোড়ে বিরোধী দলনেতার 'কন‍্যা সুরক্ষা যাত্রা'-র মিছিল পৌঁছতেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেখানে। জয় শ্রীরাম স্লোগানের পাল্টা তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। তার ফলে দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা, হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় বারাসত জেলা পুলিশকে। অভিযোগ, শুভেন্দু'র মিছিল থেকে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অফিসও ভাঙচুরের চেষ্টা করে বিজেপির কর্মী-সমর্থকরা। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে বুধবার হুবহু একই ঘটনার পুনরাবৃত্তি হল ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে, কাঁচড়াপাড়ায়।

জানা গিয়েছে, এদিন বিকেলে বীজপুর থানা মোড় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হয় বিজেপির 'কন্যা সুরক্ষা যাত্রা'। শুভেন্দু ছাড়াও এদিনের এই কর্মসূচিতে ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, অর্জুনপুত্র তথা বিজেপি বিধায়ক পবন সিং, দলের মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র, তাপস ঘোষ-সহ অন্যান্যরা। কবি-গুরু রবীন্দ্র রোড ধরে মিছিল এগোতে থাকে কলেজ মোড় সংলগ্ন লক্ষ্মী সিনেমা হলের দিকে। তার আগেই গান্ধি মোড়ের কাছে বিজেপির মিছিল পৌঁছতেই ঘটে বিপত্তি।

TMC BJP CLASH IN KANCHRAPARA
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কাঁচড়াপাড়া (ইটিভি ভারত)

সেখানে পতাকা ছাড়াই তৃণমূলের কয়েকজন কর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে মিছিল লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। অভিযোগ, এর পরেই বিজেপির কয়েকজন কর্মী এগিয়ে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করেন শাসকদলের কর্মীদের উদ্দেশ্য। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান দেওয়া হলে সংঘর্ষ বেঁধে যায় দু'পক্ষের মধ্যে।ভিডিয়োতে-ও দেখা যাচ্ছে, বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিয়ে এলোপাথাড়ি মারধর করছেন তৃণমূল কর্মীদের কয়েকজনকে। তাতেই আক্রান্ত হন তাঁরা।

শাসক শিবিরের দাবি, 'বিজেপি বহিরাগত দুষ্কৃতীদের এনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তাদের কর্মীদের ওপর। তাতে রক্তাক্ত হয়েছেন তৃণমূল কর্মী শান্তনু মুখোপাধ্যয়। আঘাত লেগেছে আরেক তৃণমূল কর্মী পীযুষ কোলের হাতেও।' পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়েছে, 'তৃণমূলের হামলায় তাদের আট থেকে দশ জন কর্মী জখম হয়েছেন।'

এদিকে, মিছিল শেষে দলীয় সভা থেকে এ নিয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "তৃণমূল দশটা লোক এনে মিছিল বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু তাতে বিশেষ সুবিধা করতে পারেনি। আসলে ওঁরা ভয় পেয়েছে। সুবোধ-কমলদে'র রাতের ঘুম উড়ে গিয়েছে। ছ'মাস পর ওঁদের সব অত‍্যাচার ও দুর্নীতির ফাইল খোলা হবে। এক একটা ইট খুলে নিয়ে আসবে জনগণ। দেখবেন এঁদের কী পরিনতি হয়। আমি সিপিএমের বিরুদ্ধে নন্দীগ্রামে লড়াই করা লোক। সিপিএম যেমন ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছে, তৃণমূলেরও অবস্থা হবে সেরকমই। চিরদিন কারও সময় এক যায় না। এই প্রবাদ বাক্য জানেনা এমন কোনও লোক নেই। সব হিসেব-নিকেশ হয়ে যাবে।"