ছাগলের টোপ দিতেই খাঁচায় ঢুকল বাঘ, দেখুন ভিডিয়ো
অবশেষে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল কুলতলির বাঘ ৷ গতকাল থেকেই বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা ৷ অবশেষে তাঁরা আতঙ্কমুক্ত ৷

Published : June 15, 2025 at 11:38 AM IST
কুলতলি, 15 জুন: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল কুলতলির দেউলবাড়ির এলাকাবাসী। বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল বাঘ । স্থানীয় সূত্রে খবর, গতকাল (শনিবার) সকালে কুলতলি ব্লকের অন্তর্গত দেউলবাড়ি এলাকায় চাষের জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মানুষজনরা। তারপরই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা।
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরকে। এরপরই ঘটনাস্থলে আছে বন দফতরের কর্মীরা। পায়ের ছাপ দেখে বাঘ কোন দিক থেকে যেতে পারে তা কিছুটা ধারণা করেন বনকর্মীরা। তারপরই এলাকার আশপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়। বাঘটিকে ধরার জন্য বন দফতরেরে পক্ষ থেকে পাতা হয় খাঁচাও। অবশেষে এদিন গভীর রাতে খাঁচাবন্দি হয় বাঘটি। গতকালই এলাকাবাসীরা দাবি তোলেন, জঙ্গল লাগোয়া লোকালয় হওয়ার কারণে প্রায়ই সময় নদী সাঁতরে বাঘ লোকালয়ে ঢুকে যায়। এই ঘটনা নতুন কিছু নয় এর আগেও বহুবার এই ঘটনা ঘটেছে, বলে জানান গ্রামবাসীরা।
বাঘ খাঁচা বন্দি হওয়ার বিষয়ে বন দফতরের এক কর্মী বলেন, "গতকাল এলাকায় বাঘের পায়ের ছাপের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসি। এলাকাবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এরপর বাঘটিকে খাঁচা বন্দির জন্য বেশ কয়েকটি ছাগলের টোপ দেওয়া হয় ৷ গভীর রাতে হঠাৎই আমরা ছাগলের চিৎকার শুনতে পাই। এসে দেখি বাঘটি খাঁচা বন্দি হয়েছে। বাঘটিকে উদ্ধার করে আপাতত ঝড়খালিতে নিয়ে যাওয়া হবে এবং ওর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর পুনরায় বাঘটিকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এদিকে, বাঘটি খাঁচা বন্দি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেউলবাড়ি এলাকার এলাকাবাসীরা।"

