মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু বেঙ্গালুরুতে
ভিনরাজ্যে কাজে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তিন জনের।

Published : October 10, 2025 at 4:23 PM IST
বহরমপুর, 10 অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ডে বেঙ্গালুরুতে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের ৷ বৃহস্পতিবার বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ মৃতরা সাজিদুল শেখ (35), মিনারুল শেখ (36) ও জাহিদ আলি (28)।
সাজিদুল ও মিনারুলের বাড়ি বহরমপুর থানার পাঁচ পীরতলা এলাকায়। জাহিদ আলি হরিহরপাড়ার বাসিন্দা। একই ঘটনায় জিয়াবুর শেখ, আজিবুর শেখ, হাসান মল্লিক ও নূরজামাল শেখ ভিক্টোরিয়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। জখম চারজনের বাড়িও হরিহরপাড়া ও বহরমপুর থানা এলাকাতেই। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, "গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন জখম হয়েছিলেন। আমরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।"
অন্যদিকে, তিন জনের দেহ ফিরিয়ে আনতে এবং জখমদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের কাছে আর্থিক সাহায্য চেয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সম্পাদক আসিফ ফারুক বলেন, "মৃত ও জখম শ্রমিকদের পরিবারবা আর্থিকভাবে খুবই দুর্বল। আমরা জেলা প্রশাসনের কাছে আর্থিক সাহায্য ও দেহ ফিরিয়ে আনার জন্যও সরকারের সাহায্য চেয়েছি।" বহরমপুর থানা এলাকার নাগরাজোল পঞ্চায়েতের পাঁচ পীরতলা এবং রাজধর পাড়া জিপি এলাকার সাত বাদিন্দা মাস দেড়েক আগে ব্যাঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। তাঁরা শহরের সিটি মার্কেট এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন।
নিজেরাই রান্না করতেন ৷ গত মঙ্গলবার রাতে রান্না করার সময় গ্যাস লিক করে তাঁদের ঘরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন লাগার সঠিক কারণ অবশ্য এখনও অজানা। ভয়াবহ আগুনে সাতজনই গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে বেঙ্গালুরু শহরের সিটি মার্কেট এলাকার ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সাত জনেরই অবস্থার অবনতি হতে থাকে । বৃহস্পতিবার সেখানেই চিকিৎসারত অবস্থায় তিন জনের মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই গ্রামেই ৷ যাঁরা এখনও চিকিৎসাধীন তাঁদের পরিবারও উদ্বেগে কাটাচ্ছেন। পরিবারের লোকজন গত বুধবারই দমদম থেকে বেঙ্গালুরু পৌঁছেছেন।
হাসান মল্লিকের স্ত্রী রেহেনা বিবি বলেন, "স্বামীর অবস্থা খুবই খারাপ। কীভাবে কী করব কিছুই বুঝে উঠতে পারছি না। সরকারি সাহায্য না-পেলে আমাদের চেষ্টায় বাঁচাতেও পারব বলে মনে হয় না।" অসহায় পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে সাহায্য চাওয়া হয়েছে।
আসিফ ফারুক বলেন, "হাসপাতালে ও জেলায় পরিবারগুলির বাড়ির সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সব রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছি।" এদিকে ভিনরাজ্যে কাজে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

