ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন শ্রমিক, স্টেশনে আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তিনবন্ধুর
ঈদে অন্ধ্রপ্রদেশ থেকে বাড়ি ফিরছিলেন এক শ্রমিক ৷ স্টেশন থেকে তাঁকে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু ৷ পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজনই ৷

Published : March 23, 2025 at 9:35 PM IST
মালদা, 23 মার্চ: পথ দুর্ঘটনায় মৃত্যু তিন বন্ধুর ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার আঠেরো মাইল এলাকায় ৷ ঈদের আগে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছিলেন এক বন্ধু ৷ তাঁকে আনতে বাইক নিয়ে স্টেশনে গিয়েছিলেন অন্য দু'জন ৷ এরপর তিন জনে ওই বাইকে সওয়ার হয়ে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু পথে লরির ধাক্কায় তাঁদের মৃত্যু হয় ৷
বৈষ্ণবনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ঘটনাস্থল থেকে ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করা হলেও চালক পলাতক। চালকের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷ মৃত তিন বন্ধুর নাম মহম্মদ সাবির আলম (23), রামজান শেখ (18) ও সাদিকাতুল ইসলাম (20) ৷ তিনজনেরই বাড়ি কালিয়াচক 2 নম্বর ব্লকের মেহেরাপুর নতুন পাড়া এলাকায় ৷
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবির আলম পরিযায়ী শ্রমিক ৷ অন্ধ্রপ্রদেশে শ্রমিকের কাজে গিয়েছিলেন ৷ ঈদ উপলক্ষ্যে বাড়ি ফিরে আসছিলেন ৷ এদিন সকালে বন্ধু সাবিরকে আনতে তাঁর দুই বন্ধু রামজান ও সাদিকাতুল বাইক নিয়ে স্টেশনে গিয়েছিলেন ৷ স্টেশন থেকে তিন বন্ধু ওই বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ৷
ফেরার পথে 18 মাইল এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনজনেই ৷ স্থানীয়রা তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ পরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ৷ এদিকে, পুলিশ ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে ৷ কিন্তু ঘটনার পর থেকে লরির চালক পলাতক ৷
সাবিরের মা কোহিনূর বিবি বলেন, "ছেলে মাস ছয়েক আগে ভিনরাজ্যে কাজে গিয়েছিল ৷ ঈদের ছুটিতে আজ বাড়ি ফিরছিল ৷ ছেলেকে আনতে ওর বন্ধুরা স্টেশনে গিয়েছিল ৷ পরে শুনলাম একটি লরি ওদের মোটরবাইকে ধাক্কা মেরেছে ৷" নিহত রামজানের মা ফাতেমা বিবি বলেন, "ছেলের বন্ধু ভিনরাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছিল ৷ বন্ধুকে আনতে ছেলে এবং ওর আরেক বন্ধু ফরাক্কা গিয়েছিল ৷ সেখানে রাস্তায় একটি লরি ওদের মোটরবাইকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়েছে।”

