ETV Bharat / state

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির ছেলে-বউমাকে হুমকি

অভিযোগ, গত 4 জুন শান্তিনিকেতন আসার সময় ইলামবাজার জঙ্গলে তাঁদের গাড়ি থামান জনৈক এক ব্যক্তি ৷ তাঁর জামার কলার ধরে হুমকি দেওয়া হয় ৷

Threats to Calcutta High Court lawyer couple
আইনজীবী দম্পতিকে পর পর হুমকি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 4:56 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 7 জুন: কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতিকে পর পর হুমকি ৷ হুমকিদাতাদের বাংলাদেশ যোগ থাকতে পারে, বলে আশঙ্কা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায় সরস্বতী ও তাঁর স্ত্রী শ্রেয়া রায় সরস্বতী ৷ অনন্য রায় সরস্বতী হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর ছেলে ৷

4 জুন ইলামবাজার থানায় এবং 5 জুন শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই আইনজীবী দম্পতি ৷ তাঁদের অভিযোগ, মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ইলামবাজার জঙ্গলে, পরে শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় তাঁদের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় এক ব্যক্তি ৷ যা নিয়ে রীতিমতো আতঙ্কে এই আইনজীবী দম্পতি। এ প্রসঙ্গে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, "অভিযোগ পেয়েছি ৷ দুই থানার পুলিশ আধিকারিকরা ঘটনা খতিয়ে দেখছেন।"

প্রাক্তন বিচারপতির ছেলে-বউমাকে হুমকি (ইটিভি ভারত)

অনন্য রায় সরস্বতী বলেন, "আমরা স্বামী-স্ত্রী দু'জনেই হাইকোর্টের অ্যাডভোকেট। কলকাতা-সহ শান্তিনিকেতনে আমাদের বাড়ি আছে ৷ হঠাৎই ইলামবাজার জঙ্গলে আমাদের গাড়ি থামিয়ে আমার জামার কলার ধরে এক ব্যক্তি ৷ তারপরেই বলা হয় হাইকোর্টে মামলা লড়া যাবে না, আর পুলিশকে জানালে অবস্থা খারাপ হয়ে যাবে ৷ একইভাবে শান্তিনিকেতন আমাদের বাড়ির কাছে এসে ওই একই ব্যক্তি হুমকি দেয় ৷ আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি ৷ দুই থানাতেই অভিযোগ করেছি ৷"

অনন্য রায় সরস্বতী হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। তাঁর মা হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী ৷ অনন্য রায় সরস্বতীর স্ত্রী শ্রেয়া রায় সরস্বতীও কলকাতা হাইকোর্টের আইনজীবী। 2 বছর আগে তাঁদের বিবাহ হয় ৷ কলকাতার পাশাপাশি শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় একটি বাড়ি রয়েছে ৷ প্রায় ছুটি কাটাতে তাঁরা শান্তিনিকেতনে আসেন ৷

অভিযোগ, গত 4 জুন শান্তিনিকেতন আসার সময় ইলামবাজার জঙ্গলে তাঁদের গাড়ি থামান জনৈক এক ব্যক্তি ৷ তারপরেই অনন্য রায় সরস্বতীর জামার কলার ধরে হুমকি দিতে থাকেন ৷ বলা হয় হাইকোর্টে মামলা করা যাবে না, আর পুলিশকে কিছু জানানো যাবে না ৷ জানালে বীরভূম ছাড়া করা হবে ৷

একইভাবে তাঁর স্ত্রী আইনজীবী শ্রেয়া রায় সরস্বতীকেও হুমকি দেওয়া হয় ৷ তাঁরা আরও জানান, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ফোনে হুমকি আসছিল ৷ তার সঙ্গে সংযোগ থাকার প্রবল সম্ভাবনা। এই আতঙ্কেই আইনজীবী দম্পতি 4 জুন ইলামবাজার থানায় অভিযোগ দায়ের করেন ৷
পরের দিন, অর্থাৎ 5 জুন শান্তিনিকেতনে তাঁদের বাড়িতে চড়াও হয় ওই ব্যক্তি ৷ ফের তাঁদের হুমকি দিয়ে ফেরার হয়ে যায় সে ৷ আরও আতঙ্কিত হয়ে এই দম্পতি শান্তিনিকেতন থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন ৷

শ্রেয়া রায় সরস্বতী বলেন, "আমরা সত্যিই ভয়ে আছি। কেন হুমকি দেওয়া হচ্ছে বুঝতে পারছি না ৷ বহু মামলা রয়েছে, কোন মামলার কথায় হুমকি দিচ্ছে তাও জানি না ৷ ওসি আমাদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখেছেন। আমরা এসপি-র সঙ্গেও কথা বলেছি ৷ এই মুহূর্তে বুঝতে পারছি না কি করা উচিত।"