চা-পানের আড়ালে দোকানির স্ত্রীর সঙ্গে পরকীয়া! হরিহরপাড়ায় প্রৌঢ়কে কুপিয়ে খুন
খুনের পর পলাতক অভিযুক্ত চা-দোকানি ৷ মৃত স্বামীর পরকীয়ার কথা অস্বীকার স্ত্রী’র ৷

Published : October 10, 2025 at 7:59 PM IST
হরিহরপাড়া, 10 অক্টোবর: স্ত্রী’র সঙ্গে পরকীয়া রয়েছে স্থানীয় মাংস ব্যবসায়ী প্রৌঢ়র, এই সন্দেহে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন এক চা-দোকানি ৷ অভিযোগ, সেই বচসা চলাকালীন প্রৌঢ়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন ওই চায়ের দোকানদার ৷ শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পদ্মনাভপুরের ঘটনায় মৃত আবদুল খালেক মণ্ডল (54) ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দোকানদার ৷
জানা গিয়েছে, পদ্মনাভপুরের স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন আবদুল খালেক মণ্ডল ৷ ওই বাজারেই একটি চায়ের দোকান রয়েছে ৷ অভিযোগ, সেই চায়ের দোকানের মালিকের স্ত্রীর সঙ্গে পরকীয়া ছিল মাংস বিক্রেতা ওই প্রৌঢ়র ৷ এ দিন সকাল 11টা নাগাদ দোকান বন্ধ করে চা খেতে ওই দোকানে যান আবদুল খালেক মণ্ডল ৷ আগে থেকেই আবদুলের সঙ্গে স্ত্রী’র পরকীয়ার ইস্যুতে সমস্যা চলছিল চা-দোকানির ৷
দু’জনের রেষারেষির চলা সত্ত্বেও আবদুল দোকানে গিয়ে চা দিতে বলেন ৷ সেই সময় দোকানে আরও অনেকে উপস্থিত ছিলেন ৷ কিন্তু, আবদুল চা চাওয়ার পরেই দোকানদার তাঁর সঙ্গে বচসায় জড়ান ৷ দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ অভিযোগ, বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর, চা-দোকানি বাড়ি থেকে একটি হাঁসুয়া নিয়ে আসেন এবং আবদুল খালেক মণ্ডলের ঘাড়ে কোপ মারতে থাকেন ৷
ঘটনাস্থলে উপস্থিত সকলে তা দেখে সিউড়ে ওঠেন ৷ আবদুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে চা-দোকানি সেখান থেকে পালিয়ে যান ৷ এরপর প্রত্যক্ষদর্শীরাই আবদুলকে আশঙ্কাজনক অবস্থায় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ পলাতক চা-দোকানির খোঁজের তল্লাশি শুরু করেছে ৷ মৃত আবদুল খালেক মণ্ডলের দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ তবে, এই খুনের ঘটনার পিছনে কারণ নিয়ে নির্দিষ্ট কিছু বলতে চায়নি পুলিশ ৷ মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, "কী কারণে খুন এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত ও অভিযুক্তকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে ৷"
অন্যদিকে, মৃত আবদুলের স্ত্রী স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "মাংস বিক্রি করে চা খেতে এসেছিল ৷ সেখানেই দোকানদার হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছে ৷ অভিযুক্তের ফাঁসির সাজা চাই আমি ৷"

