ETV Bharat / state

বিধানসভার তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে থাকবেন না শুভেন্দু, কেন ?

বিধানসভার তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে আজ থাকছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আজই শেষ হচ্ছে তাঁর সাসপেনশনের মেয়াদ ৷

ETV BHARAT
বিধানসভার তথ্য কমিশনার নিয়োগের বৈঠক থাকবেন না শুভেন্দু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 12:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: আজ রাজ্য বিধানসভার তথ্য কমিশনার বাছার জন্য বৈঠক রয়েছে । বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও এই বৈঠকে যোগ দিচ্ছেন না বিরোধী দলনেতা । প্রসঙ্গত, তাঁর উপর জারি হওয়া এক মাসের সাসপেনশন আজ শেষ হয়ে যাচ্ছে । ফলে বিধানসভার অধিবেশনে আজ তাঁর যোগ দিতে কোনও বাধা নেই । তবুও যাবেন না শুভেন্দু ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, সাসপেনশন উঠলেও বিধানসভায় যাচ্ছেন না তিনি । তাঁর সাসপেনশনের বিরুদ্ধে সরব হতে গিয়ে এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড হতে হয়েছে ৷ তিনি এই অধিবেশনে আর যোগ দিতে পারবেন না ৷ কাজেই তাঁর প্রতি সহমর্মিতা দেখিয়ে অধিবেশনে যোগ দিচ্ছেন না শুভেন্দু অধিকারী ।

প্রসঙ্গত, এদিন বিধানসভার অধিবেশন বিশেষ গুরুত্বপূর্ণ ৷ বিভিন্ন সময় বিরোধী দলেরা বিধায়করা অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রীর হাতে থাকা দফতর নিয়ে বিধানসভায় আলোচনা হয় না । আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য দফতরের বাজেট রয়েছে । এই বাজেটে সরাসরি যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু দীর্ঘদিনের দাবি পূরণ হলেও আজকের অধিবেশনে যাচ্ছেন না বিরোধী দলনেতা ।

এদিকে, আজই বিধানসভার অন্দরে বিরোধী দল বিজেপি অভিযোগ করে, স্থায়ী সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অপারগ রাজ্য সরকার । রাজ্য সরকারি চাকরি দিতে পারছে না, এই অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনেন শঙ্কর ঘোষ, বিশাল লামা-সহ অন্যান্য বিজেপি বিধায়করা ৷ তবে তাঁদের আনা প্রস্তাব পড়ার অনুমতি দিলেও, তা নিয়ে আলোচনার করতে দেননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন ৷ তবে অন্যান্য দিনের মতো তাঁদের আনা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর, বিধানসভায় হইচই করতে দেখা যায়নি বিজেপি বিধায়কদের ৷