ETV Bharat / state

SIR হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, বিস্ফোরক শুভেন্দু

এসআইআর নিয়ে তপ্ত দেশ তথা রাজ্য রাজনীতি ৷ এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন শুভেন্দু ৷ মনোজ পন্তের চাকরি যাওয়া নিয়ে এ কী বললেন তিনি ?

SUVENDU ADHIKARI
শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 13, 2025 at 10:01 AM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 13 অগস্ট: এসআইআর লাগু হলে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না ৷ সংবিধান না মানলে মনোজ পন্থের চাকরি থাকবে না ৷ ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনীতিতে তপ্ত আবহের মধ্যে মঙ্গলবার এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

এসআইআর প্রসঙ্গে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার পানশিউলি গ্রামের সভায় রাজ্যের শাসক শিবির এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন শুভেন্দু ৷ তাঁর কথায়, "এ রাজ্যে সংবিধানের কথা চলবে নাকি মমতার সংবিধান চলবে ? তা ঠিক করতে হবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে । যদি মমতার সংবিধান চালাতে যান তাহলে ওনার চাকরি থাকবে না । এসআইআর লাগু হলে তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না । কারণ, সংশোধিত তালিকা থেকে 4 প্রকারের ভোটারদের নাম বাদ পড়বে- মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডাবল এন্ট্রি এবং রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমান ৷"

শুভেন্দু অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত)

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে তপ্ত রাজ্য তথা দেশের রাজনীতি ৷ ভোটমুখী বিহারে এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব বিরোধী জোট ইন্ডিয়া ৷ বিরোধীদের প্রতিবাদে উত্তাল জাতীয় রাজনীতি ৷ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে পড়েছে এসআইআর-এর আঁচ ৷

দেশজুড়ে এসআইআর প্রক্রিয়ার পক্ষে সওয়াল তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর যুক্তি, পুরনো ভোটার তালিকা মেনে মাত্র এক বছর আগে দেশজুড়ে লোকসভা ভোট হয়েছে ৷ সেই সময় তালিকা ঠিক ছিল ৷ এখন তা নিয়েই আপত্তি উঠেছে ৷ অতএব লোকসভা ভেঙে দেওয়াই ভালো ৷ অভিষেকের সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই তৃণমূলকে আক্রমণ করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ৷

ফরিদপুরের সভা থেকে বেআইনি কয়লা ও বালি কারবার নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দেন শুভেন্দু ৷ বলেন, "অনেক পুলিশ অফিসার এখান থেকে অবৈধ কয়লা ও বালির টাকা তুলছেন আর গঙ্গার পাড়ে ফ্ল্যাট কিনছেন ৷ এমনকী রাজারহাটে রেস্তোরাঁ হোটেল বানাচ্ছেন, মন্দারমণিতে হোটেল কিনছেন, গ্যাংটকে হোটেল কিনছেন । কিনুন কিনুন 2026 সালের পর এই সমস্ত হিসেব করে নেব ।"

শুভেন্দু অধিকারীর সঙ্গে ফরিদপুরের সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য-সহ অন্যান্যরা । শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যের জবাবে তৃণমূলের তরফে দাবি, বহিরাগত লোক নিয়ে এসে ফরিদপুর ব্লকে সভা করতে হল । এটাই হচ্ছে বিজেপির কাছে সবচেয়ে বড় লজ্জার ।

পড়ুন: শুধু বাংলা নয়, দেশজুড়ে এসআইআর চান অভিষেক ; দিলেন শর্ত