রামনবমী উদযাপন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
রামনমবী ঘিরে আবারও সরগরম রাজ্যরাজনীতি। বিরোধী দলনেতার অভিযোগ, রামনমবী পালনে বাধা দেওয়া হচ্ছে। তবে সব বিপত্তি অতিক্রম করেই উৎসব হবে বলে জানান তিনি।

Published : March 19, 2025 at 12:08 PM IST
কলকাতা, 19 মার্চ: রামনবমী পালনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। এমনই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে সে সব উপেক্ষা করেই উৎসব পালিত হবে জানান তিনি। আগামী 6 এপ্রিল রামনমবী। উৎসবকে ঘিরে এখন থেকেই তরজা শুরু রাজনৈতিক মহলে।
বিধানসভার বাইরে মঙ্গলবার শুভেন্দু সাংবাদিকদের বলেন, "রাজ্যে রামনবমী উদযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, যা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। রামনবমীর উৎসব প্রোটোকল মেনেই হবে। নতুন কোনও ফর্ম ফিল-আপের প্রয়োজন নেই। আমরা আইনি সুরক্ষা দেব। সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করুন।" এরপর তিনি জানান, রাজ্যের প্রশাসন যদি সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগিয়ে রামনবমীর মিছিল আটকানোর চেষ্টা করে, তাহলে সেটা সফল হবে না। তাঁর কথায়, "আমরা রাস্তায় থাকব, মিছিলে নেতৃত্ব দেব।"

অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, 2023 সালের রামনবমীর সময় হুগলি ও হাওড়ার কয়েকটি জায়গার পাশাপাশি উত্তর দিনাজপুরের ডালখোলায় পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনায় শাসক দল ও প্রশাসন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের উপর দায় চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। অথচ সে সময় মুখ্যমন্ত্রী নিজে এমন সব মন্তব্য করেছিলেন যা হিন্দু ধর্মের পক্ষে অবমাননাকর ।
এদিকে, এদিন বিধানসভায় আসেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বিরোধী দলনেতার পাশাপাশি দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, "পার্টির নেতারা যা ঠিক মনে করবে সেই সিদ্ধান্তই গ্রহণ করা হবে। তবে যদি আমাকে নতুন কোনও দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি তা পালন করতে প্রস্তুত।" অন্য একটি প্রসঙ্গে দিলীপ জানান, তিনি দলে নতুন মুখ তুলে আনার পক্ষে। তাঁর মতে, বিজেপির ভিতকে আরও শক্তিশালী করতে নতুন নেতাদের অংশগ্রহণ খুবই জরুরি।

