মহেশতলার 23 পরিবারকে অর্থ সাহায্য শুভেন্দুর, এনআইএ তদন্তের দাবি বিজেপির
মহেশতলার অশান্তিতে ক্ষতিগ্রস্ত 23টি পরিবারকে ক্ষতিপূরণের অর্থ তুলে দিলেন বিরোধী দলনেতা ৷ পাশাপাশি ঘটনায় এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি ৷

Published : June 15, 2025 at 7:54 AM IST
কলকাতা, 15 জুন: মহেশতলার 23টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে এই ঘটনায় এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছে বিজেপি ৷
মহেশতলার অশান্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 23টি পরিবার ৷ তাদের হাতেই শনিবার ক্ষতিপূরণের অর্থ তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহেশতলার ঘটনায় আক্রান্তদের সঙ্গে দেখা করার পর বিরোধী দলনেতা বলেন, "গত 48 ঘণ্টায় এলাকার রাজ্য সরকার, পুরসভা বা জেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন এমনকী স্থানীয় কাউন্সিলর, বিধায়ক বা সংসদদের তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কোনও উদ্যোগে দেখা গেল না । তাই বিজেপি উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে । ক্ষতিগ্রস্তদের মধ্যে 26 জনকে চিহ্নিত করে তাঁদের ডাকা হয়েছিল । কিন্তু এদের মধ্যে 23 জন এসেছেন ।"
ক্ষতিগ্রস্তরা চিহ্নিত হয়ে গেলেও তাদের সমস্যা হতে পারে সেই বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা । আর সে কারণেই তিনি সবাইকে অনুরোধ করেন যে, তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না শুধুমাত্র এইসব মানুষগুলি যেন বিজেপির পাশে থাকে । তিনি বলেন, "মহিলাদেরও হুমকি দেওয়া হচ্ছে । ওখানে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে । তাই ধুলিয়ান ও সামশেরগঞ্জের মতো ওখানেও অবিলম্বে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে । কিন্তু রাজ্য সরকার এটা করবে না আর কেন্দ্রীয় সরকারের এই এক্তিয়ার নেই । ফের সোমবার এই বিষয় নিয়ে আদালতে শুনানি রয়েছে। আমি আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যেই কলকাতার উপকণ্ঠে যে নিরাপত্তাহীনতা এবং যে ভয়ের পরিবেশ কাজ করছে এটা কাটানোর জন্য আদালত এগিয়ে আসবেন ।"
মহেশতলার ঘটনায় এনআইএ তদন্তেরও দাবি করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "এই বিস্ফোরক রোহিঙ্গারা নিয়ে এসেছে নাকি ভারতে থেকে পাকিস্তানের গুনগান করা টুকরে টুকরে গ্যাং-রা নিয়ে এসেছে না অন্য কেউ রেখেছে সেটা তদন্ত হওয়া প্রয়োজন । এই জন্য এনআইএ তদন্ত হওয়া উচিত ।"
তিনি আরও বলেন, "যেহেতু আমাকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না যদিও আমি পরপর দুটি চিঠি দিয়েছি তাই মোথাবাড়ি, সন্দেশখালি, ধুলিয়ান বা সামশেরগঞ্জের মতো এখানেও আদালতের অনুমতি নিয়েই যাব । আশা করব আদালত আমাকে সেই অনুমতি দেবেন। সেখানে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার, ক্ষতিগ্রস্ত হওয়া শিবমন্দির দেখব। তাদের পাশে দাঁড়ানোর বার্তাও ওই মাটি থেকে দিতে পারব।" তাঁর দাবি, বিজেপি ভোটের জন্য এই লড়াই করছে না বরং বিজেপি হিন্দুদের সুরক্ষা এবং তাঁদের বাঁচানোর জন্য লড়াই করছে ।

