ETV Bharat / state

'মার্ক্সবাদের বিরুদ্ধে' পথে শুভেন্দুরা, যাদবপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার বিরুদ্ধে মিছিল করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে ছিলেন অন্য বিজেপি নেতারাও ৷

BJP Rally against Jadavpur Chaos
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে রাস্তায় বিজেপির মিছিল (ইটিভি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 9, 2025 at 3:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে পথে নামলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার সকালে প্রিন্স আনোয়ারশাহ রোড ধরে যাদবপুর থানার সামনে পর্যন্ত একটি মিছিল করেন তিনি ৷ বিশ্ববিদ্যালয়ের অন্দরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন শুভেন্দু ৷ এই মিছিলের নাম দেওয়া হয় ধিক্কার মিছিল ৷ পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার তীব্র বিরোধিতা করে এই মিছিল করেন বঙ্গ বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা ৷

হাইকোর্টের নির্দেশ মেনেই মিছিল করেন শুভেন্দুরা ৷ এই মিছিল থেকে আগামিদিনের কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু ৷ তিনি বলেন, আগামী 16 তারিখ যাদবপুর বিধানসভার সব বিজেপি কর্মীদের নিয়ে একটি কর্মসূচি হবে ৷ মিছিলের মূল লক্ষ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান ঘটানো এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সিপিএম ও তৃণমূলের বিশৃঙ্খলার প্রতিবাদ করা ৷ রাজ্য যুব মোর্চা ও বিজেপির দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে এই ধিক্কার মিছিল হয় ৷

শুভেন্দু অধিকারীর পাশাপাশি সেই মিছেলে পা মেলান বিজেপি নেতা কৌস্তুভ বাগচী, চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-সহ অন্য পদ্ম নেতারা। তাঁদের এই মিছিলের স্লোগান ছিল, 'মার্ক্সবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে'। এর পাশাপাশি এই মিছিল থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের গ্রেফতারির দাবিও তোলা হয় ৷ পয়লা মার্চ তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল যাদবপুরে ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছনোর আগে থেকেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ ব্রাত্য বসু মঞ্চে বক্তৃতা দিতে উঠলে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বাইরে স্লোগান দিতে থাকেন ৷

এরপর শিক্ষামন্ত্রী বার্ষিক সম্মেলন থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন ৷ সেই সময় তুমুল কাণ্ড বাধে বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ মন্ত্রীর সঙ্গে কথা বলার দাবিতে পড়ুয়ারা ব্রাত্য বসুর গাড়ি আটকান ৷ চলে ভাঙচুর ৷ অভিযোগ, মন্ত্রীর গাড়ির নীচে থাকায় আহত হন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায় ৷ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ আহত হন অভিনব বসু নামে আরও এক ছাত্র ৷ তারপর থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অচলাবস্থা ৷ পরদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরের গেটে বিক্ষোভ দেখায় এভিবিপি ৷ তাদের বিরুদ্ধে বাম ও অতি বাম সংগঠনের ছাত্র-ছাত্রীরা পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেদিনও পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ৷ এবার এই ইস্যুতে পথে নামল বিজেপি।