অবস্থানের একশো ঘণ্টা পার ! যাদবপুরের পর প্রেসিডেন্সিতে নির্বাচনের দাবিতে আন্দোলন
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল যাদবপুরে ৷ এবার আন্দোলন শুরু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ৷ অবস্থানে বসেছেন পড়ুয়ারা ৷

Published : March 23, 2025 at 10:21 PM IST
কলকাতা, 23 মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থান চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ৷ রবিবার রাতের দিকে সেই অবস্থান একশো ঘণ্টা পার করল ৷ রাতভর অবস্থান করেছেন বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের সদস্যরা ৷ আন্দোলনকারীরা তিন দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান ৷ এমতাবস্থায় সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি সভা এবং মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা ৷ পাশাপাশি তাঁদের দাবি নিয়ে কর্তৃপক্ষর কাছে ডেপুটেশনও জমা দেবেন পড়ুয়ারা ৷
বিশ্ববিদ্যালয়ের এক অবস্থানকারী পড়ুয়া বলেন, "2022 সালে ইউনিয়নের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়নি ৷ আমাদের তিন দফা দাবি রয়েছে- অবিলম্বে ছাত্র ইউনিয়ন নির্বাচন করাতে হবে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে সক্রিয় এবং সুগঠিত প্লেসমেন্ট ব্যুরো গঠন করতে হবে ৷ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ইন্টার্নশিপ সেল গঠন করতে হবে ৷ এই তিন দফা দাবি না মেনে নেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের এই অবস্থান চলবে ৷"
গত পয়লা মার্চ যাদবপুরে তৃণমূলপন্থী অধ্যাপকদের বার্ষিক সাধারণ সভাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বিশ্ববিদ্যালয় ৷ সেদিন সভায় উপস্থিত ছিলেন ওয়েবকুপার সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাঁর সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ সেদিনই বিক্ষুব্ধ পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন ৷ কিন্তু তা হয়নি ৷ অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে আহত হন ইংরেজি প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায় ৷ তারপর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে ৷
পড়ুয়ারা প্রথম থেকেই বলেছেন, এই আন্দোলন শুধু তাঁদের একার নয় ৷ এই আন্দোলনকে সার্বিকভাবে গড়ে তুলতে হবে ৷ সেই মতো এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অবস্থানে বসেছেন পড়ুয়ারা ৷ নির্বাচন ছাড়াও আরও কিছু দাবি রয়েছে আন্দোলনকারীদের ৷

