ETV Bharat / state

জয়েন্টে অনুত্তীর্ণদের ভর্তি নিলেও রেজিস্ট্রেশন দিচ্ছে না স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, হাইকোর্টে পড়ুয়ারা

জয়েন্টে উত্তীর্ণ ও অনুত্তীর্ণদের জেনেই ভর্তি নিয়েছে বিশ্ববিদ্যালয় । এখন বলা হচ্ছে অনুত্তীর্ণদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না । সমাধান চেয়ে হাইকোর্টে পড়ুয়ারা ।

calcutta high court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 1, 2025 at 10:18 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 অগস্ট: প্যারামেডিকেল কোর্সে ভর্তি হওয়ার পরও রেজিস্ট্রেশন মিলছে না । এমনই পরিস্থিতি শিকার মেদিনীপুরের একটি কলেজের ছাত্র-ছাত্রীরা । টাকা নিয়েও এখন পরীক্ষার সময় রেজিস্ট্রেশন করাচ্ছে না পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় (ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি)।

বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা । ভর্তির সময় বিশ্ববিদ্যালয় জয়েন্ট এন্ট্রানস্ উত্তীর্ণ এবং উত্তীর্ণ নয়, এই দুই ক্যাটেগরির ছাত্র-ছাত্রীদেরই ভর্তি নিয়েছিল । অথচ এখন যারা জয়েন্ট উত্তীর্ণ নয়, তাদের আর রেজিস্ট্রেশন দিতে চাইছে না ।

মামলাকারী পড়ুয়াদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য (ইটিভি ভারত)

শুক্রবার ছাত্র-ছাত্রীদের বক্তব্য শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু এই বিষয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে চেয়েছেন । পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, মামলাকারী ছাত্র-ছাত্রীরা যদি এই মামলায় জেতেন তাহলে বিশ্ববিদ্যালয়কেই এদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে । আগামী 19 অগস্ট মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ।

এই মামলায় আবেদনকারীদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক এক সেমিস্টারের রেজিস্ট্রেশনের জন্য ছাত্র প্রতি দিতে হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা । বিএমএলটি এবং বিপিটি কোর্সের ছাত্র-ছাত্রীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের গত বছর ডিসেম্বরে ভর্তি নেয় । এতদিন পরে বিশ্ববিদ্যালয় জানাচ্ছে যে, তারা সব ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করাতে পারবে না । তার কারণ সবাই জয়েন্ট এন্টান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়নি । সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে, এইসব ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের স্বার্থ সুরক্ষিত করতে হবে । দায় নিতে হবে বিশ্ববিদ্যালয়কেই । এখন যদি বলা হয় জয়েন্ট এন্ট্রান্স উত্তীর্ণ না হলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না তাহলে ভর্তি নেওয়ার সময় কেন অনুত্তীর্ণদের নেওয়া হয়েছিল ?"