এখনও অপ্রকাশিত রাজ্য জয়েন্টের ফল ! উদ্বেগে পড়ুয়া ও অভিভাবকরা
পরীক্ষা হয়ে গিয়েছে দু'মাস আগে ৷ কিন্তু, এখনও প্রকাশিত হয়নি ফল ৷ উদ্বেগে রাজ্য জয়েন্ট পরীক্ষা দেওয়া পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা ৷

Published : June 29, 2025 at 6:41 PM IST
কলকাতা, 29 জুন: পরীক্ষা হয়ে গিয়েছে প্রায় দু'মাস আগে ৷ কিন্তু, এখনও ফল প্রকাশিত হয়নি ৷ এমতাবস্থায় চিন্তায় পড়েছেন রাজ্য জয়েন্টে বসা পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা ৷ ভবিষ্যতের কথা ভেবে ইতিমধ্যেই অনেকে বেসরকারি কলেজে 'প্রভিশনাল অ্যাডমিশন' নিয়ে ফেলেছেন ৷ এই আবহে সরকারি কলেজগুলি আসন খালি থাকার আশঙ্কাও থেকে যাচ্ছে ৷
গত 27 এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হয় 2025 সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ৷ দু'মাস অতিক্রান্ত হলেও ফলপ্রকাশ হয়নি ৷ ফলে, স্বাভাবিকভাবে পড়ুয়াদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা ৷ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, ফলপ্রকাশের আগে সরকারের তরফে চূড়ান্ত নির্দেশিকা আসা আবশ্যক । নির্দেশিকা পাওয়ার পর ফলপ্রকাশে কমপক্ষে আরও 7 দিন সময় লাগবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে । এই প্রসঙ্গে বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর বলেন, "ফলপ্রকাশ এবং কলেজে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে সরকার তরফ থেকে নির্দেশিকা আসবে ৷ তবেই আমরা পরবর্তী পদক্ষেপ করব ।"
অন্যদিকে, ফলপ্রকাশে বিলম্ব হওয়ার কারণে উচ্চশিক্ষার জন্য বহু মেধাবী ছাত্রছাত্রীর বেসরকারি কলেজ কিংবা ভিন রাজ্যে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ ফলে, সরকারি কলেজগুলির আসন ফাঁকা থাকার পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলেন, "ফলপ্রকাশে দেরির কারণে আমরা অনেক মেধাবী ছাত্রছাত্রীকে হারাব । সরকারি প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় । ভর্তিতে বিলম্ব হলে সেটার প্রভাব পড়বে সরকারের উপরেই ।"
পড়ুয়াদের অনেকেই ইতিমধ্যে বেসরকারি কলেজে ভর্তি হয়ে গিয়েছেন । বাগুইআটির বাসিন্দা সব্যসাচী হাজরার কন্যা এই বছর উচ্চমাধ্যমিকের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও দিয়েছেন । ফলপ্রকাশ না হওয়ায় তাঁকে একটি বেসরকারি কলেজে ভর্তি করাতে হয়েছে । তবে, কবে থেকে ক্লাস শুরু হবে, তা এখনও জানা যায়নি ।
সব্যসাচী বলেন, "জাতীয় শিক্ষানীতির অধীনে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে । পড়ুয়ারা যদি সময়মতো ক্লাস শুরু করতে না-পারে, তাহলে পড়াশোনার মানে খারাপ প্রভাব পড়বে ৷ এই পরিস্থিতিতে রাজ্যের ছাত্রছাত্রীরা অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়বে । সুতরাং, দ্রুত ফলপ্রকাশ হওয়া প্রয়োজন ।" এই আবহে রাজ্যের শিক্ষক মহল থেকে শুরু করে অভিভাবক, পড়ুয়া সকলেই চাইছেন অবিলম্বে ফলপ্রকাশ করে ভর্তি প্রক্রিয়া শুরু করুক জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷

