হাইকোর্টের নির্দেশিকার পরেও খোলা কলেজের ইউনিয়ন রুম
হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও ইউনিয়ন রুম খোলা নিয়ে কাঠগড়ায় সরকারি কলেজ ৷ বিরোধীদের সমালোচনার উত্তরে কী বলল ছাত্র পরিষদের সদস্যরা ?

Published : July 4, 2025 at 7:53 PM IST
দুর্গাপুর, 4 জুলাই: হাইকোর্টের নির্দেশের পরেও শুক্রবার খোলা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় ৷ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে এহেন ছবি ধরা পড়তেই বিজেপির কটাক্ষ, আদালতের নিয়মকেও তোয়াক্কা করে না তৃণমূল ৷
যদিও কলেজের ছাত্র পরিষদের সদস্যদের দাবি, কোনও নির্দেশ না আসায় তাঁরা কার্যালয় খোলা রেখেছে ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দেন আপাতত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার । উচ্চশিক্ষা দফতর আগের একটি মামলায় হলফনামা দিয়ে আদালতে জানিয়েছিল, রাজ্যের কোনও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি । ফলে স্টুডেন্টস কাউন্সিল নেই । তাই সব কলেজে ইউনিয়ন রুম খোলা থাকার কোনও কারণ নেই বলে যুক্তি দেন মামলাকারী আইনজীবী। এই বক্তব্য শোনার পর আদালত বৃহস্পতিবার আপাতত ছাত্র ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয়।
এই নির্দেশ যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে। কিন্তু দুর্গাপুরের সরকারি কলেজে শুক্রবারও দেখা গেল খোলা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় ।
অন্যান্য দিনের মতো শুক্রবার সকাল থেকেই খোলা ছিল ছাত্র পরিষদের কার্যালয় । চলছে যাবতীয় কাজকর্মও । বিষয়টি নিয়ে ছাত্র পরিষদের কার্যালয়ে থাকা তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য অতনু পোদ্দারের দাবি, "আমাদের কাছে এখনও কোনও নির্দেশ আসেনি সেই জন্য আমরা বন্ধ করিনি । প্রিন্সিপালও আমাদের কিছু জানায়নি । সেই জন্যই আমরা প্রতিদিনের মতো ছাত্র পরিষদের কার্যালয় খোলা রেখেছি ।"
তৃণমূলকে কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূল বিচার ব্যবস্থাকেও মানে না । এটাই তার প্রমাণ । হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় খোলা রয়েছে । নিন্দনীয় ব্যাপার ।"
দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক অশোক ভট্টাচার্য বলেন, "অধ্যক্ষ ছুটিতে থাকায় আপাতত আমি কলেজের দায়িত্বে আছি ৷ আমার কাছে কোনও নির্দেশ না আসায় আমি কিছু করতে পারিনি ।"

