ফের খড়গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ - STUDENT BODY RECOVERED
Student Body Recovered: খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার মৃত্যু ৷ হস্টেল চত্বর থেকে উদ্ধার হয়েছে এক ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

Published : June 17, 2024 at 2:35 PM IST
|Updated : June 17, 2024 at 3:16 PM IST
খড়গপুর, 17 জুন: ফের আইআইটি খড়গপুরের হস্টেল চত্বর থেকে মিলল ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ সোমবার সকালে সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধি হলের পড়ুয়াদের প্রথম চোখে পড়ে ছাত্রীর দেহটি ৷ তাঁরাই খবর দেয় আইআইটি কর্তৃপক্ষকে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ৷ দেহটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম দেবিকা পিল্লাই । বাড়ি কেরলের উত্তর এভুর এলাকায় । তিনি বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন ওই ছাত্রী । বাড়ি থেকে ফেরার পরেই এই ঘটনা ঘটে ৷ এটি আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
প্রসঙ্গত, 2022 সালের 14 অক্টোবর খড়গপুর আইআইটিতে তৃতীয় বর্ষের পড়ুয়া ফাইজান আহমেদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল । যদিও সেই ঘটনায় ফাইজানকে 'খুন' করা হয়েছে বলেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ হয় । পরপর দু‘বার তাঁর ময়নাতদন্ত হয় ৷ সদ্য মৃত ফাইজানের তদন্ত নিয়ে নতুন রিপোর্ট সামনে এসেছে । দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টে সামনে এসে খুনের তত্ত্ব ৷
জানা গিয়েছে, ওই পডুয়াকে ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল ৷ তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে ৷ ফাইজানের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই খড়গপুর আইআইটিতে কেরলের ছাত্রীর অস্বাভাবিক মৃ্ত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
আত্মহত্যা কোনও সমাধান নয়
(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

