কসবার পর আইআইএম জোকা, মাদক খাইয়ে বেহুঁশ করে তরুণীকে ধর্ষণ !
ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছাত্রকে ৷ নির্যাতিতা তরুণীর ওই ছাত্রের পূর্ব পরিচিত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷

Published : July 12, 2025 at 11:08 AM IST
জোকা, 12 জুলাই: কসবার পর এবার আইআইএম জোকা ৷ ম্যানেজমেন্ট কলেজে তরুণীকে ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ ৷ এই ঘটনায় গ্রেফতার ম্যানেজমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র ৷
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "আমরা ঘটনা তদন্তে নেমেছি । অভিযুক্ত প্রেমানন্দ মহাবীর তোপ্পান্নাভার ওরফে পরমানন্দ জৈনকে গ্রেফতার করেছি । 26 বছরের ওই যুবক কর্ণাটকের বাসিন্দা ৷ নির্যাতিতার যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে । কলেজ ক্যাম্পাসের যাবতীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা ৷"
পুলিশ সূত্রে খবর, যে তরুণী অভিযোগ করেছেন তিনি ওই কলেজের ছাত্রী নন ৷ তবে তিনি অভিযুক্ত ছাত্রের পূর্ব পরিচিত । কিছুদিন আগেই তাঁদের সোশাল মিডিয়ায় আলাপ হয় । অভিযোগ, শুক্রবার কাউন্সেলিং সেশনের নাম করে তরুণীকে জোকার ম্যানেজমেন্ট কলেজে ডেকে পাঠান ওই ছাত্র ৷
তরুণীর বয়ান অনুযায়ী, জরুরি নথি নেওয়ার অজুহাতে তাঁকে কাউন্সেলিংয়ের জায়গায় না গিয়ে বয়েজ হস্টেলে নিজের রুমে নিয়ে যান ওই ছাত্র । বয়েজ হস্টেলে নিয়ে যাওয়ার সময় তাঁকে 'ভিজিটার্স বুকে' সইও করতে দেওয়া হয়নি । আরও জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র পিৎজা ও কোল্ড ড্রিংক খেতে দেন তরুণীকে । সেগুলি খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী । আর এরপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ধর্ষণে বাঁধা দেওয়ায় অভিযুক্ত ছাত্র তরুণীকে মারধরও করেন ।
পুলিশকে তরুণী আরও জানান, অভিযুক্তর অত্যাচারের হাত থেকে কোনওরকমে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসার পরই তিনি হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন । তরুণীর অভিযোগ, পানীয়র সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়েছে ৷ যার ফলে তিনি বেহুঁশ হয়ে পড়েন ৷ আর তারপর তাঁকে ধর্ষণ ও মারধর করা হয় ৷ আর তরুণীর অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠেন হরিদেবপুর থানার আধিকারিকরা । রাতেই পুলিশের আধিকারিকরা ওই হস্টেলে যান । পুলিশ তদন্ত শুরু করে । অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্রকে আটক করা হয় । পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্র কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা । 2023 সালে ক্যাট পরীক্ষা দিয়ে ম্যানেজমেন্ট কোর্সে সুযোগ পান তিনি । 2024 সালের জুন মাসে আইআইএম জোকায় ভর্তি হন ওই ছাত্র ।
এমনিতে জোকার ম্যানেজমেন্ট কলেজের এই ক্যাম্পাস অনেকটাই বড় । সবসময় নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন । তারপরও কীভাবে এই ঘটনা ঘটলো, তার তদন্ত করছে হরিদেবপুর থানার পুলিশ । পাশাপাশি, ওই ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া না হওয়া সত্ত্বেও তরুণী কীভাবে বয়েজ হস্টেলে গেলেন? তা জানার চেষ্টা করছে পুলিশ । শুক্রবার রাতে কলেজ ক্যাম্পাসে যায় হরিদেবপুর থানার পুলিশ । নিরাপত্তারক্ষী এবং কলেজের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে । বয়েজ হস্টেল এবং কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ।
প্রসঙ্গত, গত 25 জুন কসবায় আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে ৷ কলেজের মধ্যেই তিনজন ওই ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে কলেজের প্রাক্তন ছাত্র তথা অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র-সহ দুই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এদিন কেন্দ্রীয় সরকারের আওতাধীন কলেজের ক্যাম্পাসে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ সামনে এল ৷

