বাস দুর্ঘটনায় মালিক নয়, চালকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা! হুঁশিয়ারি পরিবহণ মন্ত্রীর
অ্যাপের মাধ্যমে বাস চালকদের উপর নজরদারি চালাবে পরিবহণ দফতর ৷ কোন রাস্তায় কত জোর বাস চালাচ্ছে, সবই জানা যাবে স্মার্ট ফোনে থাকা এই অ্যাপে ৷

Published : February 11, 2025 at 12:30 PM IST
কলকাতা, 11 ফেব্রুয়ারি: এতদিন রাজ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেই টানাপোড়েনের মুখে পড়তে হতো বাস মালিকদের । এবার সেই দিন শেষের পথে । কারণ, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, দিনের শেষে মালিক নয়, বাসের স্টিয়ারিং থাকে চালকের হাতে । তাই দুর্ঘটনা ঘটলে মালিক নয়, এবার চালকের বিরুদ্ধেই নেওয়া হবে কড়া ব্যবস্থা ।
বাসের গতিতে লাগাম টানতে পরিবহণ দফতর শুরু করছে চালকদের উপর নজরদারি । এই নজরদারি চলবে অ্যাপের মাধ্যমে । মালিক থেকে পুলিশ ও পরিবহণ দফতর চাইলেই স্মার্ট ফোনের এক ক্লিকেই দেখে নেবেন চালকের গতিবিধি । যাত্রীদের স্বার্থে নয়া অ্যাপ আনার সঙ্গেই যাত্রী সুরক্ষার দিকেও নজর দিচ্ছে রাজ্য সরকার । সেই লক্ষ্যেই আসছে আরও একটি অ্যাপ । এটি চালক থেকে পুলিশ, পরিবহণ দফতর ও মালিক ব্যবহার করতে পারবে । অ্যাপটি তৈরি করছে তথ্য প্রযুক্তি বিভাগ ।
পরিবহণ দফতর সূত্রে খবর, অ্যাপটি ইনস্টল থাকবে চালকদের স্মার্ট ফোনে । অ্যাপের মাধ্যমে জিপিএস ট্রেকিংয়ের মতই ট্রাক করা হবে চালকদের গতিবিধি । বিমানবন্দরকে কেন্দ্র করে 12টি সরকারি ও বেসরকারি রুটের বাস চালকদের উপর এই অ্যাপের নজরদারি দিয়ে প্রকল্পটি শুরু হচ্ছে । এটি পাইলট প্রকল্প । কোন রাস্তায় কত জোর বাস চালাচ্ছে, কোন জায়গায় আইন ভাঙছে, কোথায় যেতে কত সময় লাগতে পারে, কত সময়ে গেল, সবটাই অ্যাপ থেকে জানা যাবে । ওভার টেক করলেও ধরা পড়বে অ্যাপ মারফত ।

এই বিষয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "আমরা এই অ্যাপটি 12টি রুটে এখন পাইলট প্রজেক্ট হিসেবে চালাব । মূল উদ্দেশে হল, বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণ করা, দুর্ঘটনা এড়ানো । চালকদের প্রশিক্ষণ দেব । ফোন দেওয়া যায় কিনা, সেটা বিবেচনা করতে হবে । পুরোনো জরিমানার বোঝা যাদের মাথায় রয়েছে, সেই বোঝা কমাতে বকেয়া জরিমানা ছাড় দেওয়ার ভাবনা চিন্তাও আছে । তবে এরপরেও বেপরোয়া ভাবে গাড়ি চালালে লাইসেন্স বাতিল করব । এত দিন মূলত বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা হতো । আমরা দেখছি দিনের শেষে এইসবের জন্য দায়ী চালকরা । তাদের হাতেই স্টিয়ারিং ।"

