নেপাল থেকে অনুপ্রবেশের আশঙ্কা, এসএসবির ডিআইজির সঙ্গে বৈঠকে রাজ্য পুলিশের এডিজি
দ্বিগুণ করা হয়েছে ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি জওয়ানের সংখ্যা । মেচি নদীর আশপাশ ঘিরে রেখেছে এসএসবি ।

Published : September 10, 2025 at 7:05 PM IST
দার্জিলিং, 10 সেপ্টেম্বর: জ্বলছে নেপাল । অগ্নিগর্ভ পরিস্থিতিতে রয়েছে সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশের আশঙ্কা । ইন্দো-নেপাল সীমান্ত নিয়ে উদ্বেগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও । অনুপ্রবেশ আটকাতে বুধবার সকালে এসএসবি'র উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য পুলিশের এডিজি অজয় নন্দা ।
বুধবারই নবান্নের নির্দেশে পুলিশ মোতায়েন করা হয়েছে ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় । সর্তক করা হয়েছে সীমান্ত সংলগ্ন প্রতিটি থানাকে । সতর্ক করা হয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগকেও । মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএসবির সঙ্গে বৈঠক করেছেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব । এরপর বুধবার সকালে ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন পানিট্যাঙ্কিতে বৈঠকে বসেন এসএসবির ডিআইজি মনজিৎ সিং, 41 নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট যোগেশ কুমার সিং, রাজ্য পুলিশের এডিজি (কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স) অজয় নন্দা, দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ-সহ অন্যান্যরা ।
এদিন বৈঠকের পর অজয় নন্দা বলেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । ভারতের দিকে কোনও অশান্তি নেই । তবে নেপালে এখনও অশান্তি রয়েছে । এসএসবির সঙ্গে আলোচনা করে কাজ করা হচ্ছে । আপাতত সীমান্ত পারাপার বন্ধ রয়েছে । 30 থেকে 40 জনের বেশি পর্যটক সেখানে আটকে রয়েছেন । তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।"

প্রসঙ্গত, সোমবার থেকে ছাত্র-যুবর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে নেপাল । জ্বালিয়ে দেওয়া হয় সেখানকার পার্লামেন্ট হাউস ৷ পদত্যাগ করে দেশে ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ এখন নেপালের দায়িত্বভার সেনার উপর ৷ রাস্তায় টহল দিচ্ছে সেনা ৷ কোনওরকম বিক্ষোভ-সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে । নাগরিকদের প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে ৷

এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে পারাপার । যে কারণে উদ্বেগে রয়েছে রাজ্যের পুলিশ ও প্রশাসনিক আধিকারিক থেকে কেন্দ্র সরকার । আঁটোসাঁটো করা হয়েছে সীমান্তে নিরাপত্তা । দ্বিগুণ করা হয়েছে ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি জওয়ানের সংখ্যা । মেচি নদীর আশপাশ ঘিরে রেখেছে এসএসবি । নেপালে অশান্তিকে কাজে লাগিয়ে কোনওভাবে যাতে অনুপ্রবেশ না ঘটে সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে এসএসবি থেকে দার্জিলিং জেলা পুলিশ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন যে, নেপালে আটকে থাকা পর্যটকদের দ্রুত রাজ্যে ফেরানো হবে ৷


