ETV Bharat / state

সন্দীপ ঘোষের স্ত্রী'কে আরজি কর থেকে বদলির নির্দেশ স্বাস্থ্যভবনের

আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সন্দীপের নাম।সিবিআই তাঁকে গ্রেফতারও করেছে। এবার তাঁর স্ত্রীকেই বদলি করা হল।

RG KAR HOSPITAL
আরজি কর থেকে বদলির নির্দেশ স্বাস্থ্যভবনের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 30, 2025 at 8:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 জানুয়ারি: এবার বদলি সন্দীপ ঘোষের স্ত্রী। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে বদলি করা হল। এতদিন তিনি ছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক চিকিৎসক। এবার তাঁকে বদলি করে পাঠানো হল বেলেঘাটা আইইডি হাসপাতালে। এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিও জারি করেছে স্বাস্থ্যভবন।

সন্দীপ ছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ। তবে আরজি করে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের পর পরিস্থিতি বদলায়। নির্যাতিতার পরিবার থেকে শুরু করে আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকরা সন্দীপকেই বারবার কাঠগড়ায় তুলেছেন। লাগাতার জেরার পর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। পরে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের জন্যও তাঁকে অভিযুক্ত করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। যদিও এই মামলায় সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় সন্দীপ-সহ আরও একজনের জামিন হয়ে যায়। অন্য মামলায় এখনও জেলে আছেন সন্দীপ।

RG KAR HOSPITAL
আরজি কর থেকে বদলির নির্দেশ স্বাস্থ্যভবনের (ইটিভি ভারত)

প্রথম থেকেই স্বামীকে নির্দোষ বলে দাবি করেছিলেন সন্দীপ ঘোষের স্ত্রী। একাধিকবার সঙ্গীতা ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকে পাঠিয়েছিল। সিবিআইয়ের পাশাপাশি আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি দাবি করেছে, সন্দীপের স্ত্রী'র নামে অন্তত দু'টি স্থাবর সম্পত্তি রয়েছে, যার কোনও সরকারি অনুমোদন নেই। তল্লাশি অভিযান চালানোর সময় ঘোষ দম্পতির একাধিক সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে দাবি। এমনই আবহে এবার বদলি হলেন সন্দীপের স্ত্রী সঙ্গীতা।

অন্যদিকে, ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চায় না আরজি করের নির্যাতিতার পরিবার ৷ তাদের পক্ষের আইনজীবী শামিম আহমেদ কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন ৷ এদিকে, আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনে আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে দায়ের হওয়া আবেদনের শুনানি শেষ হয়েছে হাইকোর্টে ৷ রায়দান স্থগিত রেখেছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রাশিদির বেঞ্চ ৷