সব হলে প্রাইম টাইমে প্রতিদিন অন্তত একটি বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক করল রাজ্য
বাংলা সিনেমার জন্য সুখবর ৷ প্রত্যেকটি হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা সিনেমা চালাতেই হবে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে ৷ নির্দেশ রাজ্য সরকারের ৷

Published : August 13, 2025 at 5:58 PM IST
কলকাতা, 13 অগস্ট: রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে প্রতিদিন অন্তত একটি বাংলা সিনেমা প্রদর্শন এখন থেকে বাধ্যতামূলক । বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিকেল তিনটে থেকে রাত ন'টার মধ্যে প্রতিটি স্ক্রিনে প্রতিদিন অন্তত একটি করে বাংলা ছবি দেখাতেই হবে । এর মাধ্যমে বাংলা চলচ্চিত্র শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলা ছবির প্রাপ্যতা নিশ্চিত করতে চায় সরকার ।
সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 2018 সালের 14 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি নং 3523-আইসিএ(এন) সরিয়ে নতুন নির্দেশ জারি করা হয়েছে । 1954 সালের পশ্চিমবঙ্গ সিনেমা (নিয়ন্ত্রণ) আইন-এর 5 নং ধারার উপধারা (3)-এর ক্ষমতাবলে রাজ্যপাল এই নির্দেশ জারি করেছেন । আগে প্রাইম টাইমের সময়সীমা ছিল দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত, তবে এবার সেটি কমিয়ে বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত করা হয়েছে । এর ফলে 365 দিনের জন্য প্রতিটি স্ক্রিনে অন্তত একটি বাংলা সিনেমা চালানো বাধ্যতামূলক হল ।
এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে নন্দনে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবার থেকে পশ্চিমবঙ্গের যে কোনও সিনেমা হলে, মাল্টিপ্লেক্স হলে, প্রতিটি স্ক্রিনে বিকেল 3টে থেকে 9টার মধ্যে 365 দিন অন্তত একটা বাংলা ছবি চালাতে হবে, এমনই স্থির হয়েছে । বাংলা সিনেমার প্রাইম টাইম এখন থেকে বিকেল 3টে থেকে রাত 9টা । সিঙ্গল স্ক্রিনে বছরে 365টি শো, মাল্টিপ্লেক্সে দুটি স্ক্রিন - বছরে 365×2=730টা শো, তিনটি স্ক্রিনে বছরে 365×3=1095টি শো, চারটি স্ক্রিনে - বছরে 365×4=1460টি শো হবে ।
এই নিয়ম কার্যকর হলে বাংলা ছবির প্রদর্শনীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে । নন্দনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেই এই বড় সিদ্ধান্ত ৷ তিনি বলেন, "বাংলা ভাষাকে গলা টিপে মারার চেষ্টা চলছে । মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন । বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে ।” তিনি আরও জানান, “চলতে চলতে সমস্যা হয়, আবার চলতে চলতে সমস্যা মিটে যায় । একসঙ্গে বসলাম, মিটে গেল ।"

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, "বাংলা সিনেমার প্রচার ও প্রসার হোক, এটাই চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর মাধ্যমে বাংলার নবজাগরণ ঘটবে । এমনটাই মনে করেন ইন্দ্রনীল সেন ।"
স্টার ও প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “এটা ভালো পদক্ষেপ । বাংলা ছবির প্রচার ও প্রসার অত্যন্ত প্রয়োজনীয় । আমরা পরিবেশক হিসেবে যথাসাধ্য সরকারকে সাহায্য করব । তবে নির্মাতা, পরিচালক ও প্রযোজকদেরও এগিয়ে আসতে হবে । কারণ শুধুমাত্র সংখ্যা নির্ধারণ করলেই হবে না, সিনেমার মানও গুরুত্বপূর্ণ ।”
প্রাইম টাইমে বাংলা ছবির শো কমে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের । বলিউড ও দক্ষিণী মেগাবাজেটের ছবির চাপে অনেক ভালো বাংলা সিনেমাকেও প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । এই পরিস্থিতি নিয়ে টলিউডের প্রথম সারির কলাকুশলীরা বারবার সরব হয়েছেন । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সম্প্রতি পরিচালক, প্রযোজক, পরিবেশক ও হলমালিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । বৈঠকে উপস্থিত ছিলেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, রানা সরকার-সহ টলিউডের বিশিষ্টজনেরা।

বুধবার বিকেলে নন্দনে এই বিষয় নিয়ে বৈঠক ডাকা হয় । সেখানে চলচ্চিত্র জগতের কুশীলবরা উপস্থিত ছিলেন । ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে প্রাইম টাইমে বাংলা সিনেমার শো নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় । বৈঠকে ছিলেন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, ফিরদৌসুল হাসান, শ্রীকান্ত মোহতা, পিয়া সেনগুপ্ত, ইন্দ্রনীল সেন, নিসপাল সিং রানে, শতদীপ সাহা । তাঁরা জানিয়েছেন, সকল পক্ষ মিলে বৈঠকের পর সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে । এর ফলে সার্বিকভাবে উন্নতি হবে বাংলা ইন্ডাস্ট্রির । পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন সকলে ।

