ETV Bharat / state

সরকারি কর্মীদের বিদেশ-যাত্রা নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যসচিব মনোজ পন্থ এই নিয়ে রাজ্যের সব দফতরকে এই নিয়ে নির্দেশ পাঠিয়েছেন৷

Representative Image
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 5:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 অক্টোবর: সরকারি কর্মীদের বিদেশ সফর সংক্রান্ত নিয়ম এবার আরও কঠোর করল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি হওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে — সরকারি কাজ, এলটিসি (লিভ ট্রাভেল কনসেশন) বা ব্যক্তিগত ভ্রমণ, যে কারণেই বিদেশ সফর হোক না কেন, অনুমতি ছাড়া টিকিট বা হোটেল বুক করা যাবে না। মুখ্যসচিব মনোজ পন্থ এই বিষয়ে সমস্ত দফতরের সচিব, বিশেষ সচিব ও বিভাগীয় প্রধানদের কাছে নির্দেশ পাঠিয়েছেন।

সম্প্রতি নবান্নে দেখা গিয়েছে, রাজ্যের বিভিন্ন দফতরের কিছু কর্মী ও আধিকারিক সরকারি অনুমোদন পাওয়ার আগেই বিদেশ সফরের বুকিং বা ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলছেন। প্রশাসনের মতে, এটি সরকারি নিয়মের গুরুতর লঙ্ঘন। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, “অনুমতি ছাড়া বিদেশ সফরের ব্যবস্থা করা সরকারি শৃঙ্খলার পরিপন্থী এবং প্রক্রিয়াগত নীতির প্রতি অবমাননা।”

মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, কেউ আগে থেকেই ভ্রমণ বা থাকার ব্যবস্থা করে ফেলেছেন বলে পরবর্তী সময়ে কোনও ‘বিশেষ অনুমোদন’ বা শিথিলতা দেওয়া হবে না। অর্থাৎ, অনুমতি ছাড়া বিদেশ সফরের উদ্যোগ নিলে প্রশাসনিক ব্যবস্থার মুখে পড়তে হবে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিককে।

GOVERNMENT EMPLOYEES FOREIGN TRIP
বিদেশ-যাত্রা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি (সরকারি সূত্রে প্রাপ্ত)

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিদেশ সফরের অনুমোদনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ও প্রক্রিয়া মেনে চলতে হবে। সাধারণভাবে কোনও কর্মীকে তার প্রস্তাবিত সফরের অন্তত চার সপ্তাহ আগে আবেদনপত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট দফতরে। শেষ মুহূর্তে প্রস্তাব পাঠিয়ে অনুমতি চাওয়া চলবে না। এই নিয়ম সমস্ত বিভাগীয় প্রধানদের কাছে বাধ্যতামূলক করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই নতুন নির্দেশিকার মূল উদ্দেশ্য হল প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা। সরকারি কর্মীদের মধ্যে নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতেই এই পদক্ষেপ। রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “প্রত্যেকটি বিদেশ সফরের অনুমোদনের জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কেউ যদি আগে থেকে টিকিট বা হোটেল বুক করে ফেলেন, তবে সেই সফরের অনুমোদন দেওয়া প্রশাসনের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এই নির্দেশিকা এখন থেকে কড়াভাবে মানা হবে।”

তিনি আরও জানান, নবান্নের নজরদারিতে ইতিমধ্যেই ধরা পড়েছে যে কিছু সরকারি কর্মী আগে থেকেই ভ্রমণের যাবতীয় প্রস্তুতি নিয়ে পরে অনুমতির আবেদন করছেন। ফলে সরকারি নথিপত্র ও অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতেই মুখ্যসচিব সরাসরি ব্যবস্থা নিয়েছেন।

রাজ্য সরকারের মতে, এই নতুন বিধি কার্যকর হলে বিদেশ সফর সংক্রান্ত অনুমোদনের ক্ষেত্রে প্রশাসনিক স্বচ্ছতা, দায়িত্ববোধ ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে। সরকারি সূত্রে ইঙ্গিত, মুখ্যসচিবের এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে বিদেশ সফরের অনুমতি প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে, এবং সরকারি কর্মচারীদের ‘স্বাধীন সিদ্ধান্তে’ বুকিংয়ের সংস্কৃতির উপর কার্যত নিয়ন্ত্রণ আরোপ করবে সরকার।

আরও পড়ুন -

  1. সমবায় ব্যাঙ্কের সাইবার সুরক্ষায় বড় পদক্ষেপ করল রাজ্য
  2. এবার রাজ্যের সব ব্রিজের 'হেলথ অডিট', দুধিয়ায় সেতু ভাঙায় নড়চড়ে বসল নবান্ন