নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের ফের ইডি-হেফাজতের নির্দেশ
আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে আপাতত ইডি হেফাজতে থাকতে হবে ৷ গত 25 অগস্ট তিনি গ্রেফতার হন ৷

Published : August 30, 2025 at 1:52 PM IST
|Updated : August 30, 2025 at 3:02 PM IST
কলকাতা, 30 অগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ফের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হল । 12 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷ গত সোমবার আন্দির বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ ৷ তখন তাঁকে ছ'দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় ৷
এর আগে ইডি আদালতে দাবি করেছিল, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের স্ত্রী ও বাবার অ্যাকাউন্টে অবৈধ আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে ৷ এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কিন্তু তিনি সহযোগিতা না-করায় বাধ্য হয়ে তাঁকে হেফাজতে নিতে হয়েছে ৷ শনিবার সকালে আদালতে তোলার আগে বিধাননগর হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷
গত 25 অগস্ট তৃণমূল বিধায়কের আন্দির বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ সেদিন পালাতে গিয়ে পড়ে যান তৃণমূল নেতা ৷ এবারও তিনি দু'টি মোবাইল ফোন ঝোপের মধ্যে ফেলে দেন ৷ কিন্তু জায়গাটি শুকনো থাকায় মোবাইলগুলি উদ্ধারে বেগ পেতে হয়নি তদন্তকারীদের ৷ তাঁর গ্রেফতারির দিনই তাঁর পিসি বীরভূমের কাউন্সিলর মায়া সাহার বাড়িতে হানা দিয়েছিল ইডি ৷ সম্প্রতি কোটি টাকারও বেশি মূল্যের একাধিক জমি নগদ টাকায় কিনেছেন জীবনকৃষ্ণ ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়কের বিরুদ্ধে ৷ সেই টাকার উৎস জানতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
এই তদন্তে জীবনকৃষ্ণ সাহার পিসি সাঁইথিয়ার তৃণমূল বিধায়ক মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ তাঁর কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, সেই ব্যাপারে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিন ইডি এই জেরা করার বিষয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছে ৷
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তে আর্থিক লেনদেনের একটি ভিডিয়ো পেয়েছে ইডি ৷ এই ভিডিয়ো নিয়ে এদিন বিচারক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করেন ৷ কিন্তু তৃণমূল বিধায়ক বলেন, "এই ভিডিয়োটি পুরনো ৷" তাঁর অভিযোগ, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷
নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি জানতে পেরেছে, গত কয়েক বছরে জীবনকৃষ্ণ তাঁর স্ত্রী-র ঘনিষ্ঠ আত্মীয়-সহ পরিবারের নানা সদস্যের নামে বিপুল পরিমাণ জমি নগদ টাকায় কিনেছিলেন ৷ সাধারণত জমি কেনার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে দেখা যায় ৷ কিন্তু তৃণমূল বিধায়ক নগদ টাকায় বিশাল সম্পত্তি কেনায় তা আইনি এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট সন্দেহজনক বলে মনে করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা ।
অভিযোগ, চাকরি বিক্রির মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল, তার একাংশ বিনিয়োগ করা হয়েছে মিউচুয়াল ফান্ডে । অর্থাৎ অবৈধ টাকা ঢালাওভাবে লগ্নি করা হয়েছে মিউচুয়াল ফান্ডে । আর তা করেছেন স্বয়ং জীবনকৃষ্ণ সাহা । রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এমনই বিস্ফোরক তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি ইডির ৷
2023 সালের 14 এপ্রিল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান চালায় ৷ জিজ্ঞাসাবাদের সময় তিনি তাঁর তিনটি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন ৷ পরে মেশিন এনে পুকুর থেকে জল বের করে মোবাইলগুলি উদ্ধার করা হয়েছিল ৷ সেবার টানা 65 ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ । 13 মাস প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকার পর গত বছরের 14 মে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে ৷

