বাজেটের আগের দিন সৌরভ-মমতা সাক্ষাৎ ! 45 মিনিটের বৈঠকে কী নিয়ে আলোচনা ?
নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । দু’জনের মধ্যে প্রায় 45 মিনিট কথা হয় ।

Published : February 11, 2025 at 10:05 PM IST
কলকাতা, 11 ফেব্রুয়ারি: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । সেদিন শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তারপর এক সপ্তাহও পেরোয়নি । নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাজ ।
এদিন বিকেলে আচমকাই নবান্নে এসে উপস্থিত হন সৌরভ । তখন নবান্নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দু’জনের মধ্যে প্রায় 45 মিনিট কথা হয় । কিন্তু সৌরভ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে উভয় পক্ষই কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি । সন্ধ্যে সোয়া ছ’টা নাগাদ নবান্ন থেকে বেরিয়ে যান তিনি ।

সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা-সৌরভের শালবনিতে দেওয়া জমি নিয়েই কথা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এক টাকা দিয়ে নয়, 100 কোটি টাকা দিয়ে শালবনীর 350 একর জমি কিনেছেন তিনি । কোনও লিজ নয় । এক্ষেত্রে টেন্ডারের মাধ্যমেই এই জমি কেনা হয়েছে।
প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে জমি দেওয়া হয়েছে, সেটি নিয়েই আদালতে গিয়েছে প্রয়াগ গ্রুপ । এই জমি আগে তাদেরই ছিল । জানা গিয়েছে, টেন্ডারের মাধ্যমে এই জমি 20 লক্ষ টাকা একর হিসাবে কিনেছেন মহারাজ । প্রয়াগ যে মামলা করেছে তার পরবর্তী শুনানি রয়েছে 13 ফেব্রুয়ারি, অর্থাৎ বৃহস্পতিবার । মনে করা হচ্ছে, সেই শুনানির আগেই এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সারলেন সৌরভ ।
যদিও যেটুকু শোনা যাচ্ছে, সবটাই সূত্রের খবর । এই বৈঠক নিয়ে একটি শব্দও খরচ করেনি কোনও পক্ষ । ফলে এর সত্যতা যাচাই করা যায়নি । তবে আদালতের শুনানির আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এখন দেখার সব জট সরিয়ে কাজ কত তাড়াতাড়ি শুরু হয় । সৌরভ দ্রুত কাজ শুরুর ব্যাপারে আশাবাদী । একই সঙ্গে বিপুল কর্মসংস্থানের কথাও তাঁর মুখে ।

