মাধ্যমিকে দ্বিতীয় হবে ভাবেনি সৌম্য, মেয়েদের সেরা ঈশানী বিজ্ঞানী হতে চায়
বাঁকুড়ার সৌম্য পাল মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান (694) অর্জন করেছে ৷ অন্যদিকে, 693 পেয়ে তৃতীয় হয়েছে ঈশানী ৷

Published : May 2, 2025 at 2:23 PM IST
বাঁকুড়া, 2 মে: মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজর কাড়ল বাঁকুড়া। পাশের হারে প্রথম চারে না-থাকলেও মেধা তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে জায়গা পেয়েছে জেলার ছাত্রছাত্রীরা ৷
যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বর (694)। তার সঙ্গে একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে মালদার অনুভব বিশ্বাস ৷
এদিকে, 693 পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার কোতুলপুরের ঈশানী চক্রবর্তী ৷ মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে ঈশানী ৷ স্বভাবতই তাদের সাফল্যে গর্বিত বাঁকুড়া জেলা।

অঙ্ক ও পদার্থ বিজ্ঞান ভালে লাগে সৌম্যর
ভালো ফলের আশা ছিল সৌমজিতের ৷ তবে দ্বিতীয় স্থান পাবে তা স্বপ্নেও ভাবেনি। ছেলের সাফল্যে খুশি পরিবারের সবাই ৷ আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে চারপাশে আনন্দের পরিবেশ। সৌম্যর প্রিয় বিষয় অঙ্ক ও পদার্থ বিজ্ঞান । নিয়ম করে প্রতিদিন 10 থেকে 12 ঘণ্টা পড়াশোনা চালিয়ে যেত। সাফল্যর কৃতিত্ব দিতে চায় মা-বাবা এবং শিক্ষকদের। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় সৌম্য ৷ পাশাপাশি গবেষণার কাজেও এগিয়ে যেতে চায় সে ৷
গবেষণার স্বপ্ন ভিড় করে ঈশানীর চোখে
কোতুলপুরের সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী পেয়েছে 693 ৷ মেয়েদের মধ্য়ে রাজ্যে প্রথম হয়েছে সে ৷ মেয়ের সাফল্যে স্বভাবতই গর্বিত সকলেই ৷ ৷ বাড়ির সদস্য থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কিংবা প্রতিবেশী সকলেই বলছেন কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছে মেয়ে ৷ ফল প্রকাশের পর থেকেই বাড়িতে আত্মীয়দের ভিড় ৷ হাসিমুখে সকলকে স্বাগত জানাচ্ছেন পরিবারের সদস্যরা। ভবিষ্যতে ঈশানীও বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে ৷ গবেষণার জগতে অবদান রেখে নিজের জন্য এক স্বতন্ত্র জায়গা তৈরি করাই তার লক্ষ্য ৷

