ETV Bharat / state

গোয়ালতোড়ে 100 মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের ছাড়পত্র রাজ্যের

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় ৷ সেই বৈঠকেই এই প্রকল্পের ছাড়পত্র দেওয়া হল ৷

Solar Power Project
গোয়ালতোড়ে 100 মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের ছাড়পত্র রাজ্যের (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 24, 2025 at 6:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 24 এপ্রিল: 100 মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের ছাড়পত্র দিল মন্ত্রিসভা ৷ বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় ৷ সেই বৈঠকে এই নিয়ে ছাড়পত্র দেওয়া হয় ৷ পরে এই নিয়ে ঘোষণা করেন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ৷

মঙ্গলবার মেদিনীপুরের গোয়ালতোড় ব্লকে 112.5 মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক জার্মান সংস্থার সহায়তায় এই প্রকল্প রূপায়িত হয়েছে । সেই উদ্বোধনী মঞ্চ থেকে আরও 100 মেগা ওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি করার ঘোষণা করেছিলেন তিনি । সেই ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই এই প্রকল্প মন্ত্রিসভায় ছাড়পত্র পেল ।

সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া বলেন, ‘‘জার্মান সংস্থার সহায়তায় গতকাল (মঙ্গলবার) পূর্ব ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়ে গিয়েছে । এক্ষেত্রে ওই জার্মান সংস্থা 80 ভাগ অর্থ দিয়েছে ৷ রাজ্য সরকার অর্থ দিয়েছে 20 ভাগ । এরপরেও মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছিলেন একই জায়গায় আরও 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হবে । আজ (বুধবার) রাজ্য মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে ।’’

Solar Power Project
রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া (নিজস্ব চিত্র)

তিনি জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা দু'নম্বর ব্লকের গোয়ালতোড়ে একশো মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে ৷ যার আনুমানিক ব্যায় হবে 680 কোটি টাকা । এর মধ্যে 30 শতাংশ দেবে রাজ্য সরকার । বাকিটা দেবে জার্মানির ওই সংস্থা । এক্ষেত্রে জার্মান সংস্থা খরচ করবে 475 কোটি টাকা ।

তিনি বলেন, ‘‘এই প্রকল্প রূপায়ণের ফলে আমাদের রাজ্য আগামিদিনে গ্রিন এনার্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ স্থানে উঠে আসবে । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি পুরোপুরি চালু হয়ে গেলে বিদ্যুতের জন্য আমাদের আর অন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না । সারা ভারত ছুট আসবে এখানে ।’’ মানস ভুঁইয়ার মতে, রাজ্য সরকারের এই পদক্ষেপ সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা নতুন ল্যান্ডমার্ক তৈরি করবে । এই বিদ্যুৎ প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল এর জন্য কোনও দূষণ হবে না ।

Solar Power Project
রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া (নিজস্ব চিত্র)

এই নিয়ে বিরোধীদেরও কটাক্ষ করেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই বর্ষীয়ান মন্ত্রী বলেন, ‘‘জল মানে জীবন, রাস্তা মানে পরিবহণ এবং বিদ্যুৎ মানে উন্নয়ন । যারা বাঁকা বাঁকা কথা বলেন, তাদের কাছে বিনম্র চিত্তে অনুরোধ করব, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি, আসুন আপনারা দেখে যান । উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা নতুন সকালের সামনে দাঁড়িয়ে আছি ।’’