মাধ্যমিকের দ্বিতীয় দিনে 10 মিনিটের মধ্যেই গৃহশিক্ষককে পাঠাল প্রশ্ন, বাতিল 6 জনের পরীক্ষা
মাধ্যমিকের দ্বিতীয় দিনে 10 মিনিটের মধ্যেই প্রশ্নপত্রের ছবি তুলে গৃহশিক্ষককে পাঠাল পরীক্ষার্থী ৷ বাতিল করা হল ছয়জনের পরীক্ষা ৷

Published : February 11, 2025 at 7:40 PM IST
কলকাতা, 11 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ছয়জনের পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ পরীক্ষা চলাকালীন এদের সবার কাছ থেকেই মোবাইল পাওয়া গিয়েছে ৷ শুধু তাই নয়, গোয়ালপোখরে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে গৃহশিক্ষককে পাঠিয়ে উত্তরও জোগার করে ফেলেছিল পরীক্ষার্থীরা ৷ তবে পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগেই তারা হাতেনাতে ধরা পড়ে যায় ৷
এবারও মাধ্যমিক পরীক্ষায় উঠে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের কারসাজি । পরীক্ষা শুরুর 10 মিনিটের মধ্যেই প্রাইভেট টিউটরকে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রশ্নপত্র । যার উত্তর এসে গিয়েছে ঘড়িতে বেলা 12টা বাজার কিছু আগেই । উত্তর দিনাজপুরে এই ঘটনাই ঘটেছে ।
গোলায়পোখর লোধান হাইস্কুলের ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল নন্দ ঝাড় আধিবাসী তফশিলি হাইস্কুলে । দ্বিতীয় ভাষার পরীক্ষা শেষ হওয়ার কিছু সময় আগেই চারজনের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন । দেখা যায়, তাদের মধ্যে দুইজন ছাত্র তাদের গৃহশিক্ষককে পুরো প্রশ্নপত্রের ছবি তুলে পাঠিয়েছে । আর একজন প্রশ্নপত্রের ছবি তুলে পাঠিয়েছে একটি কোচিং সেন্টারে ।
সূত্রের খবর, ওই কোচিং সেন্টার 'ক্লাস 10 বেঙ্গল' নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল । সেই গ্রুপেই পাঠানো হয় প্রশ্নপত্রের ছবি ৷ সেখানে পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি দেওয়ার কিছু সময় পর থেকে শিক্ষকরা তার উত্তর পাঠিয়ে দেন ওই গ্রুপেই । পর্যবেক্ষক পরীক্ষা শেষ হওয়ার কিছু সময় আগেই বিষয়টি ধরতে পারেন ।
মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানান, "এই ঘটনা যেখানে হয়েছে তা গোয়ালপোখর থানার অন্তর্গত । তাই পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের ছবি তুলে পাঠানো নিয়ে অভিযোগ জানানো হয়েছে ৷ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ছবি ও নম্বর-সহ যাবতীয় নথি ৷" তবে শুধু এই তিনজনই নয় ৷ ওই স্কুলে আরও একজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে পরীক্ষা চলাকালীন ।
অন্যদিকে, উত্তর 24 পরগনার ভাটপাড়া হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল হাজিনগর আদর্শ হিন্দি বিদ্যালয়ের এক ছাত্র । তার থেকেও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে । পাশাপাশি পশ্চিম বর্ধমানের বেনাচিতি নেতাজি বিদ্যালয়ে ধরা পড়েছে বেনাচিতি ভারতীয় হিন্দি হাইস্কুলের ছাত্র। তার থেকেও একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে ৷
সবমিলিয়ে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ছয়জনের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ । মাধ্যমিক পরীক্ষায় দুই দিন মিলিয়ে মোট নয়জনের পরীক্ষা বাতিল করা হল । এদের সবার রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে । প্রসঙ্গত, এই দিন 50 জন পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে ।

