ETV Bharat / state

কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণ মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিটের

এই রিপোর্টের কপি কোনওভাবেই সংবাদমাধ্যম বা অন্য কোনও এজেন্সিকে দেওয়া যাবে না ৷ এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ।

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 10, 2025 at 1:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 জুলাই: দক্ষিণ কলকাতা আইন কলেজে গণধর্ষণের মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম ৷ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই তদন্ত রিপোর্ট জমা দিল ডিসি এসএসডি (সাউথ সাবার্বান) ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বাধীন সিট ।

বন্ধ খামে পেশ রিপোর্ট

বৃহস্পতিবার বন্ধ খামে এই রিপোর্ট জমা দেওয়া হয় । এই রিপোর্টের কপি নির্যাতিতার আইনজীবীকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । তবে সেই কপি কোনওভাবেই সংবাদমাধ্যম বা অন্য কোনও এজেন্সিকে দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ । পাশাপাশি আদালতের নির্দেশ, পরবর্তী তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চার সপ্তাহ পরে জমা দিতে হবে রাজ্যকে । সিটের সঙ্গে কসবা থানার তদন্তকারী অফিসারও এদিন রিপোর্ট জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টে ।

হলফনামা দিল কলেজ কর্তৃপক্ষ

এদিন ঘটনাস্থল অর্থাৎ দক্ষিণ কলকাতা আইন কলেজের তরফে হলফনামা জমা দেওয়া হয় আদালতে ৷ সেই হলফনামায় উল্লেখ করা হয়েছে, 2024 সালের 5 সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ নোটিশ ইস্যু করেছিল । ওই নোটিশে উল্লেখ ছিল, 3টে 45 মিনিটে কলেজে ফাইনাল বেল পড়বে ৷ 4টের মধ্যে কলেজ খালি করে দিতে হবে । এরপর 9 সেপ্টেম্বর একই নোটিশ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছিল । কিন্তু এই নোটিশ অমান্য করা হয় ।

তাছাড়াও এর আগে 2024 সালের 12 ফেব্রুয়ারি নোটিশ অমান্য করার ঘটনা ঘটে ৷ সেই বিষয়ে এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি মারফত কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানায় ৷ 2024 সালের 11 জানুয়ারি তারিখে নির্দেশ অমান্যর বিষয়টিও জানানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ।

'মানবাধিকার লঙ্ঘন'

এদিন মামলাকারীর এক আইনজীবী অভিযোগ করেন, অভিযুক্তদের যেভাবে আদালতে তোলা হচ্ছে তাতে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে ৷ এটি শোনার পর ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন বলেন, "এ বিষয়ে আপনার যদি কোনও অভিযোগ থাকে তাহলে রাজ্য লিগাল এড সার্ভিসে গিয়ে জানান ৷"

কসবা গণধর্ষণকাণ্ড

গত 25 জুন দক্ষিণ কলকাতা আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে ৷ কলেজের মধ্যেই ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ কসবা থানায় গত 26 জুন অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রী ৷ তাঁর অভিযোগ, কলেজের প্রাক্তন ছাত্র তথা অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এই ঘটনা ঘটিয়েছেন ৷ সেই কলেজের দুই বর্তমান ছাত্র সহায়তা করেন তাঁকে ৷ কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাঁর উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ ৷ অভিযোগ পাওয়ার পর পুলিশ মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করায় ৷ গ্রেফতার করা হয় মনোজিৎ মিশ্র-সহ তিন অভিযুক্তকে ৷ পরে পুলিশ গ্রেফতার করে কলেজের নিরাপত্তারক্ষীকেও ৷