ETV Bharat / state

মালদা শহরে মহিলাদের জন্য শপিংমলের প্রস্তাব, দ্রুত অনুমোদনের আশায় প্রশাসন

স্বয়ম্ভর গোষ্ঠীর তৈরি জিনিস বাজারজাত করতে মালদায় শপিংমল খোলার অপেক্ষায় মহিলারা ৷ কবে মিলবে অনুমোদন, কী বলছে প্রশাসন ?

Malda News
এখানেই গড়ে ওঠার কথা শপিং মল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 8:20 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 19 মার্চ: চলতি বছর রাজ্যের 10টি জেলায় স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য তৈরি শপিং মল চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তেমনটাই খবর প্রশাসনিক মহলে ৷ যার একটি তৈরি হওয়ার কথা মালদা শহরে ৷ এক বছর আগেই জেলা প্রশাসনের তরফে শহরের কেন্দ্রস্থল, ফোয়ারা মোড় সংলগ্ন পুরোনো হাসপাতালের জমিতে মল তৈরি করার প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে ৷

পিপিপি মডেলে সেই শপিং মল নির্মাণ হওয়ার কথা ৷ কিন্তু এখনও পর্যন্ত নবান্নের তরফে এই নিয়ে কোনও সদর্থক খবর আসেনি ৷ তাই নির্দিষ্ট সময়ে সেই মল তৈরি করা যাবে কিনা তা নিয়ে প্রশাসনিক মহলেই সংশয় রয়েছে ৷ তবে এনিয়ে সরাসরি কথা বলতে নারাজ কোনও প্রশাসনিক কর্তা ৷ যদিও স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের সরকারি ওয়েব পোর্টালের আওতায় আনতে ইতিমধ্যে গোষ্ঠীগুলির কারেন্ট স্ট্যাটাস সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ কত মহিলা এসব গোষ্ঠীর আওতাভুক্ত, গোষ্ঠীগুলি ব্যবসায়িকভাবে সফল না অসফল ৷ অসফল গোষ্ঠীর সদস্যরা বসে পড়েছেন কিনা ৷ বসে গেলে তার কারণ কী ৷ খোঁজখবর নিয়ে এসবই ওয়েব পোর্টালে আপলোড করা হচ্ছে ৷

Malda News
মালদায় শপিংমলের জন্য প্রস্তাবিত জায়গা (ইটিভি ভারত)

বাংলার স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিজেদের তৈরি সামগ্রীর সম্ভার একই ছাদের নীচে নিয়ে আসতে উদ্যোগ নেয় রাজ্য সরকার ৷ রাজ্যের 10টি শহরে এই মহিলাদের জন্যই পাঁচতারা শপিং মল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সরকারের এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন মহিলারাও ৷ এক স্বয়ম্ভর গোষ্ঠীর প্রধান মৌমিতা চক্রবর্তী বলছেন, "সরকারের উৎসাহে বাংলার হস্তশিল্প আগের থেকে এখন আগের থেকে আরও বেশি উন্নত ৷ আরও বড় আকার ধারণ করেছে ৷ বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্পের প্রচলন রয়েছে ৷ সব জেলার হস্তশিল্প একই জায়গায় পাওয়া খুব মুশকিল ৷ শুধুমাত্র হস্তশিল্প মেলাগুলিতে কিছু জেলার শিল্প দেখতে ও কিনতে পারেন ক্রেতারা ৷ মুখ্যমন্ত্রী সেই বিষয়টি বুঝেছেন ৷ মালদা শহরে শুধুমাত্র মহিলাদের জন্য একটি পাঁচতারা শপিং মল হবে বলে শুনেছি ৷ এই মল তৈরি হলে মহিলাদের খুব উপকার হবে ৷ মানুষের চাহিদাও বাড়বে ৷"

আরেক স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য পঞ্চমী ধরের কথায়, "মালদা-মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা ৷ প্রতি বছর দেশি ও বিদেশি পর্যটকরা এখানে আসেন ৷ তাঁরা স্থানীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরে যান ৷ কিন্তু এক জায়গায় সব জিনিস পাওয়া যায় না ৷ যেমন, বীরভূমের আচার-মোরব্বা মালদায় পাওয়া দুষ্কর ৷ আবার মালদার আমসত্ত্ব, আমের আচার বা জ্যাম-জেলি দক্ষিণ 24 পরগনায় মাথা খুঁড়লেও পাওয়া যাবে না ৷ এখন যদি একই ছাদের নীচে সব পাওয়া যায়, তবে মানুষের উৎসাহ বাড়বেই ৷ বিক্রিও ভালো হবে ৷ আর ভালো বিক্রি হলে মহিলাদের কাজ করার ইচ্ছেটাও বেড়ে যাবে ৷ নতুন নতুন শিল্পের উদ্ভাবন ঘটবে ৷ যত তাড়াতাড়ি এই মল তৈরি হয় ততই মঙ্গল ৷ এই ভাবনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ৷"

জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, "মালদা শহরে সেলফ হেল্প গ্রুপের শপিং মল তৈরির প্রস্তাব আমরা বছরখানেক আগেই রাজ্য সরকারকে পাঠিয়েছি ৷ এই মল নির্মাণের জন্য শহরের কেন্দ্রস্থলে থাকা পুরনো হাসপাতালের সরকারি জমির একাংশকে চিহ্নিত করা হয়েছে ৷ পিপিপি মডেলে এই মল তৈরি করা হবে ৷ আমরা আশা করছি, সরকারের তরফে দ্রুত মল নির্মাণের অনুমোদন চলে আসবে ৷ অনুমোদন পাওয়া গেলেই টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করে কাজে হাত দেওয়া হবে ৷"