ETV Bharat / state

হ‍্যালো আমি শাহজাহান, খুব বাড় বেড়েছিস ! জেল থেকে 'হুমকি' ফোন পেয়ে ত্রস্ত সন্দেশখালি

জেল থেকে ভিডিয়ো কলে সন্দেশখালির বাসিন্দাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷ আতঙ্কে ঘরবন্দি পরিবার ৷

ETV BHARAT
শেখ শাহজাহান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 3:26 PM IST

4 Min Read
Choose ETV Bharat

সন্দেশখালি, 19 মার্চ: 'হ‍্যালো আমি শাহজাহান বলছি । খুব বাড় বেড়েছিস । তোর ব্যবস্থা করছি !' জেলে বসে ঠিক এই ভাষাতেই ভিডিয়ো কলের মাধ্যমে সন্দেশখালির এক ব‍্যাক্তিকে 'হুমকি' দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে । যাকে ঘিরে রীতিমতো 'ক্রস্ত' সন্দেশখালির সরবেড়িয়া এলাকা । 'হুমকি' ফোনের আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন রবীন মণ্ডল নামে ওই ব‍্যক্তি ও তাঁর পরিবার । অভিযোগ, ইডি এবং সিবিআইয়ের কাছে শাহজাহানের নামে নালিশ করাতেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে ।

কিন্তু প্রশ্ন হল, জেলে বসে কীভাবে একজন আসামি কাউকে হুমকি দিতে পারেন ? ফোন করার জন্য কীভাবেই বা তাঁর কাছে পৌঁছল মোবাইল ?তাহলে কী জেলে গিয়েও শাহজাহানের দাপট এতটুকু কমেনি ? সেই দাপটের জোরেই কি তিনি জেলে বসে এখনও তাঁর ছড়ি ঘোরাচ্ছেন ? নয়া এই অভিযোগে এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে !

জেল থেকে শাহজাহানের 'হুমকি' ফোন পেয়ে ত্রস্ত সন্দেশখালি (নিজস্ব ভিডিয়ো)

কেন ফোনে 'হুমকি' ?

জানা গিয়েছে, সন্দেশখালির পুরাতন সরবেড়িয়া এলাকায় বাড়ি রবীন মণ্ডলদের । সরবেড়িয়ার মোড়ে এক সময়ে তাঁদের পৈতৃক জমি ছিল ।অভিযোগ, সেই জমি দখল করেই সেখানে 'শেখ শাহজাহান মার্কেট' গড়ে উঠেছে । মার্কেটের ভিতরে যে বড় বাজারটি রয়েছে, সেটিও মণ্ডল পরিবারের জমি বলে দাবি পরিবারের লোকজনের । তাঁদের আরও দাবি, "তৃণমূলের তৎকালীন প্রভাবশালী নেতা শেখ শাহজাহান ও তাঁর দলবল গায়ের জোরে সেই জমি দখল করে নিয়েছে পরিবারের কাছ থেকে । প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি । উলটে শাহজাহানের দলবলের শাসানির মুখে পড়তে হয়েছে ।"

ETV BHARAT
শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ (নিজস্ব চিত্র)

সন্দেশখালি-কাণ্ডে শেখ শাহজাহান ইডির হাতে গ্রেফতার হতেই সাহস করে এগিয়ে আসে মণ্ডল পরিবার । হারানো জমি ফেরানোরর দাবিতে ইডি এবং সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগও করে তারা । অভিযোগ পেয়ে কয়েক মাস আগে 'শেখ শাহজাহান মার্কেট'-এ যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মার্কেটের ভিতরে অভিযান চালায় ইডির তদন্তকারী দল । সেই মামলা এখনও ঝুলে রয়েছে । তারই মধ্যে এবার মণ্ডল পরিবারের সদস্য রবীন মণ্ডলকে ফোনে 'হুমকি' দেওয়ার অভিযোগ উঠল জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে । যা তোলপাড় ফেলে দিয়েছে সন্দেশখালিতে ।

ETV BHARAT
জমি দখল করে শেখ শাহজাহান মার্কেট গড়ে উঠেছে বলে অভিযোগ (নিজস্ব চিত্র)

মণ্ডল পরিবারের দাবি, দিন দুয়েক আগে শাহজাহানের 'শাগরেদ' মফিজুল মোল্লার মোবাইলে একটি ফোন আসে । সেই ফোনটি তিনি ধরিয়ে দেন মণ্ডল পরিবারের সদস্য রবীন মণ্ডলকে । বলেন, 'ভাই ফোন করেছে,কথা বলুন । প্রত্যুত্তরে রবীন তখন মফিজুলকে বলেন, 'কোন ভাই ?' এরপরই ফোনের উলটো দিক থেকে একজন নাকি বলে ওঠেন, "আমায় চিনতে পারছিস না । আমি হলাম শেখ শাহজাহান । খুব বাড় বেড়েছিস । তোরা মার্কেট নিয়ে অতি বাড়াবাড়ি করছিস । তোদের বাড়িঘর ভাঙচুর করব । বোমাবাজি করে দেব । বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেব !"

ETV BHARAT
জেল থেকে 'হুমকি' ফোন করার অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে (নিজস্ব চিত্র)

ভিডিয়ো কলের মাধ্যমে এভাবেই শাহজাহান তাঁকে হুমকি দেন বলে দাবি করেছেন রবীন মণ্ডল (যদিও সেই ভিডিয়ো কলের সত‍্যতা যাচাই করেনি ইটিভি ভারত)। 'হুমকি' ফোন পাওয়ার পর থেকে আতঙ্কিত মণ্ডল পরিবার । এদিকে, পুরো ঘটনার বিবরণ-সহ মঙ্গলবারই ইডি-কে মেল করে বিষয়টি জানিয়েছেন পরিবারের সদস্যরা । বুধবার ন‍্যাজাট থানাতেও অভিযোগ দায়ের করেছেন তাঁরা ।

এই বিষয়ে মণ্ডল পরিবারের আরেক সদস্য নির্মল মণ্ডল বলেন, "ফোনে হুমকি দেওয়ার পর থেকে আতঙ্কে আমরা বাইরে বেরোতে পারছি না । আত্মীয় স্বজনদের দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে হচ্ছে আমাদের । আমরা এর সুরাহা চাই ।"

অন্যদিকে, যাঁর মোবাইল থেকে রবীনের কাছে 'হুমকি' ফোন এসেছিল বলে অভিযোগ, সেই মফিজুল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ।তাঁর দাবি, "এমন কোনও ঘটনাই ঘটেনি । মিথ্যে দোষারোপ করা হচ্ছে ।"

বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, "এমন কোনও অভিযোগের কথা জানা নেই । যদি অভিযোগ হয়ে থাকে, তাহলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে । যথাযথ পদক্ষেপও করা হবে ।"