ফের ধসে ক্ষতিগ্রস্ত সেবক-রংপো রেল প্রকল্প, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্লোপ প্রোটেকশন
ফের ধস ৷ সেবক-রংপো রেল প্রকল্পে রবিঝোরায় সাত নম্বর টানেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্লোপ প্রোটেকশন ৷


Published : August 5, 2025 at 5:28 PM IST
কালিম্পং, 5 অগস্ট: ফের বিপর্যয় সেবক রংপো রেল প্রকল্পে । ধসে এই প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হল । ধসের ঘটনার পর একদিকে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, অন্যদিকে উদ্বেগ ছড়িয়েছে রেল আধিকারিকদের মধ্যেও ।
প্রসঙ্গত, রবিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড় থেকে সমতল জুড়ে । বৃষ্টির জেরে ব্যাপক ধসে ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক । ধসের জেরে বন্ধ রয়েছে এই জাতীয় সড়ক । এতে বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে পর্যটকরা । তার উপরে ফের ধসের জেরে এবার ক্ষতিগ্রস্ত হল সেবক রংপো রেল প্রকল্প ।

রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সেবক রংপো রেল প্রকল্পের 7 নং টানেলের ইন-এডিটের সামনের স্লোপ প্রোটেকশন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । সাত নম্বর টানেলের এই স্লোপ প্রোটেকশন রবিঝোড়া এলাকায় রয়েছে । সোমবার থেকেই স্লোপ প্রোটেকশনে ফাটল ধরা দিয়েছিল । তবে মঙ্গলবার সকালে সম্পূর্ণ প্রোটেকশন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ।
IRCON-এর অন্তর্গত হায়দরাবাদের একটি নির্মাণকারী সংস্থা এই কাজ করছিল । তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত নরম পাহাড় হওয়ার কারণেই এটি ভেঙে পড়ে । জানা গিয়েছে, ইতিমধ্যে নতুন করে ওই প্রোটেকশন তৈরি করতে কাজ শুরু করেছে নির্মাণকারী সংস্থা । ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।
খবর পেয়ে রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন । আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত মেরামতির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে । এই বিষয়ে ইরকমের প্রকল্প আধিকারিক মহিন্দর সিং বলেন, "একটা ধসের ঘটনা ঘটেছে । তবে টানেলের কোনও ক্ষতি হয়নি । পাহাড়ের উপর থেকে ধস নেমে প্রোটেকশন ওয়ালে পড়েছে । এতে স্লোপ প্রোটেকশনের কিছু ক্ষতি হয়েছে । দ্রুত মেরামত করা হবে ।"
এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, "একটা ধসের ঘটনা ঘটেছে । তবে হতাহতের কোনও খবর নেই । রিপোর্ট চাওয়া হয়েছে ।"
প্রসঙ্গত, সেবক-রংপো রেলপথের কাজ চলছে । এই প্রকল্পে মোট 14টি টানেল, 21টি সেতু তৈরির কাজ হচ্ছে । থাকছে পাঁচটি রেলস্টেশন সেবক, রিয়াং, তিস্তা, মেল্লি ও রংপো । 13টি সেতুর কাজ চলছে । পুরো প্রকল্প শেষ করার জন্য রেলকর্মীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে । সেবক রংপো রেল প্রকল্পের জন্য দু'দফায় 4 হাজার 562 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেল মন্ত্রকের তরফে ।
রেলপথে 13টি বড় ও আটটি ছোট টানেল রয়েছে । সেবক, রিয়াং, তিস্তা, মাল্লি ও রংপো স্টেশন থাকছে । প্রকল্পের জন্য 160 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে । প্রকল্পের মোট 45 কিলোমিটারের মধ্যে সেবক থেকে রিয়াং পর্যন্ত 14 কিলোমিটার পশ্চিমবঙ্গে ও বাকি 31 কিলোমিটার সিকিমের অধীনে রয়েছে । 2027 সালে ওই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রেখেছে রেল কর্তৃপক্ষ ।
2018 সালে প্রকল্পের কাজ শুরু হয় । এরপর একাধিকবার দুর্ঘটনা ঘটেছে ওই প্রকল্পে । এখনও পর্যন্ত ওই প্রকল্পের কাজ করতে গিয়ে মোট 19 জন শ্রমিকের মৃত্যু হয়েছে । তারমধ্যে একবার সর্বাধিক 2022 সালে টানেলে ধসে সাত শ্রমিক ও 2023 সালে পাঁচ শ্রমিক বন্যায় তিস্তায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ।

