বাড়ছে রোগীর চাপ, করোনা হাসপাতালে স্থানান্তরিত হচ্ছে কোচবিহার মেডিক্যালের একাধিক ওয়ার্ড
রোগীর চাপ বাড়তে থাকায় 7 কোটি টাকা ব্যায়ে তৈরি করোনা হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে কোচবিহার মেডিক্যাল কলেজের একাধিক ওয়ার্ড ৷

Published : March 9, 2025 at 7:33 AM IST
কোচবিহার, 9 মার্চ: কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় এবার করোনার জন্য তৈরি হাসপাতালে একাধিক ওয়ার্ড স্থানান্তর করার পরিকল্পনা নিয়েছে মেডিক্যাল কলেজ কতৃপক্ষ।
ইতিমধ্যে স্বাস্থ্য দফতরে এই জন্য আবেদন করা হয়েছে। খুব শীঘ্রই অনুমতি মিলবে বলে আশা হাসপাতাল কতৃপক্ষের। সম্প্রতি মেডিক্যাল কলেজ কতৃপক্ষ গোটা হাসপাতাল ঘুরে কোন কোন ওয়ার্ড স্থানান্তর করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা করছে। পাশাপাশি, রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানিয়েছে মেডিক্যাল কলেজ কতৃপক্ষ।
এই প্রসঙ্গে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি (মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস-প্রিন্সিপাল) ডাঃ সৌরদ্বীপ রায় বলেন, "মেডিক্যাল কলেজের মূল বিল্ডিংয়ে রোগীর চাপ বাড়ছে। তাই আইসিইউ-সহ একাধিক ওয়ার্ড করোনা হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে।
মোট 500 বেডের কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপর কোচবিহার জেলার পাশাপাশি পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলা ও নিম্ন অসমের একটা বড় অংশের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরশীল। কিন্তু, এই হাসপাতালে রোগীর চাপ সব সময়ই বেশি। তাছাড়া, 20 বেডের আইসিইউ দিয়ে চলছিল না। তাই আইসিইউ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, বিল্ডিং না থাকায় সেই কাজ করা যাচ্ছিল না।
সম্প্রতি প্রায় 7 কোটি টাকা ব্যায়ে স্বাস্থ্য দফতরের জমিতে করোনা হাসপাতাল তৈরি করে রাজ্য সরকার। কিন্তু, করোনা না থাকায় ওই হাসপাতালটি ফাকা পড়ে আছে। তাই মেডিক্যাল কলেজে রোগীর চাপ কমাতে আইসিইউ-সহ একাধিক ওয়ার্ড করোনা হাসপাতালে স্থানান্তর করার পরিকল্পনা নিয়েছে মেডিক্যাল কলেজ কতৃপক্ষ।
থ্রেট কালচারের জের ! একাধিক চিকিৎসকের প্রবেশ নিষেধ কোচবিহার মেডিক্য়াল ক্যাম্পাসে

