ফের আতঙ্ক সরকারি হাসপাতালে! ইনজেকশন দিতেই জ্বর-খিঁচুনি প্রসূতিদের
তবে কি এবার ভুল ইনজেকশন ? মেদিনীপুরের ঘটনার পর এবার বর্ধমান মেডিক্যালে 12-15 প্রসূতিদের ইনজেকশন দিতেই অবস্থার অবনতি হয়, বলে অভিযোগ ৷

Published : March 4, 2025 at 8:02 AM IST
বর্ধমান, 4 মার্চ: প্রসূতি বিভাগে ভর্তি থাকা বেশ কয়েকজনকে ইনজেকশন দেওয়ার পর থেকে কাঁপুনি দিয়ে জ্বর আসতে থাকে। শুরু হয় খিঁচুনি। সোমবার সন্ধ্যায় এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, অ্যালার্জির কারণে কিছু রোগীর সমস্যা দেখা দিতে পারে। তবে বিষয়টি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বর্ধমান মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের প্রসূতি বিভাগে বেশকিছু প্রসূতিকে বেশ কয়েকজনকে একাধিক ইনজেকশন দেওয়া হয়। অভিযোগ, এরপরেই 12 থেকে 15 জন প্রসূতির প্রচণ্ড জ্বর আসে, শুরু হয় কাঁপুনি। বাড়ির লোক খবর পেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতে গেলে সিকিউরিটি তাঁদের বের করে দেন। ফলে তাঁরা আরও উৎকণ্ঠার মধ্যে পড়েন। প্রসূতিদের পরিবারের অভিযোগ, সিজার হওয়ার কারণে এমনিতেই দু-একদিন তাঁরা খালি পেটে রয়েছেন। এই অবস্থায় শরীরে তিনটে পরপর ইনজেকশন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে জ্বর আসে, শুরু হয় কাঁপুনি।

- শেখ রহমাতুল্লাহ বলেন, "স্ত্রী বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ৷ সন্ধে ছ'টা নাগাদ বাড়ি থেকে বেরোই। তখন সুস্থই ছিল ও। হঠাৎ ফোনে জানতে পারি আমার স্ত্রীর খুব খিঁচুনি হচ্ছে, সেইসঙ্গে অতিরিক্ত জ্বর এসেছে। তারপর জানতে পারি কোনও ভুল ইনজেকশন দেওয়ার জন্য খিঁচুনি শুরু হয়েছে। আমরা দেখতে গেলে সিকিউরিটি ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার স্ত্রীর পাশাপাশি প্রায় 12 থেকে 15 জনের একই ধরনের অবস্থা ৷"
- সুবল দাস বলেন, "স্ত্রী ডেলিভারি ওয়ার্ডে ভর্তি ৷ কিছুক্ষণ আগে কথাও বলি ওর সঙ্গে। হঠাৎ, খবর পাই রোগীর কাঁপুনির সঙ্গে খিঁচুনি হচ্ছে আর জ্বর এসেছে ৷ শুনেছি, একসঙ্গে তিনটে ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন জন্য রোগীদের খিঁচুনি শুরু হয়। শুনছি, যাঁরা ইনজেকশন দিয়েছেন তাঁরা প্রশিক্ষিত নন।"
- বর্ধমানের কৃষ্ণরামপুরের বাসিন্দা জয়দেব মণ্ডল ৷ তিনি জানান, তাঁর স্ত্রী পূজা এক শিশুর জন্ম দেন ৷ রোগীকে চারটে ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর প্রচণ্ড কাঁপুনি শুরু হয়। চিকিৎসকদের জিজ্ঞাসা করলে তাঁরা কোনও উত্তর দিতে চাননি।
- এই নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, "ইনজেকশন দেওয়ার পরে কোনও এলার্জির কারণে কিছু ঘটতে পারে। তবে সকলেই সুস্থ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

