দিনহাটায় পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ, জখম বিএসএফের দুই জওয়ান
কোচবিহারে গিতালদহে ভারত-বাংলাদেশের সীমান্তে পাহারা দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা ৷ তখনই সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ে বাংলাদেশি পাচারকারী ৷

Published : February 14, 2025 at 8:35 PM IST
দিনহাটা, 14 ফেব্রুয়ারি: পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ ৷ ওই পাচারকারীরা বাংলাদেশি বলে জানিয়েছে বিএসএফ ৷ ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের গিতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে ৷ ভারত-বাংলাদেশের এই সীমান্তে বিএসএফের তিন নম্বর ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানরা পাহারা দিচ্ছিলেন ৷ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ান।
ঠিক সেই সময় তাঁরা দেখতে পান সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশি চোরাচালানকারীরা ৷ সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করলে তারাও বিএসএফের উপর চড়াও হয় ৷ ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ সীমান্তের দুই দিকে জড়ো হয়েছে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকরা এবং সীমান্তরক্ষী বাহিনী ৷
পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে একাধিক বিএসএফ জওয়ান জখম হয়েছেন ৷ খবর পেয়ে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক ও এসডিপিও ঘটনাস্থলে যান ৷ তবে এই ঘটনা এবং আহতের বিষয়ে বিএসএফের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি ৷
জানা গিয়েছে, বাংলাদেশে পালা বদলের পর থেকেই সীমান্তে উত্তেজনা রয়েছে ৷ এর আগে মেখলিগঞ্জে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ায় ৷ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও বাসিন্দারা কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয় ৷ যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর আপত্তি উড়িয়ে কাঁটাতার লাগান ভারতীয়রা ৷
এরপর এদিন গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের হরিদাস খামার গ্রামে টহল দেওয়ার সময় কাঁটাতারের ওপারে চোরাচালানকারীদের দেখতে পায় বিএসএফ ৷ তাদের বাধা দিলে বিএসএফের উপর হামলা চালায় পাচারকারীরা ৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ ছুটে আসে বাংলাদেশের সীমান্তরক্ষীবাহিনী ৷ পরে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা রয়েছে সীমান্তে ৷ বিষয়টি নিয়ে জেলা পুলিশও কোনও মন্তব্য করতে চায়নি ৷

