অযোগ্যদের তালিকা প্রকাশ করল SSC, কতজনের নাম রয়েছে!
সুপ্রিম কোর্ট সাতদিনের সময়সীমা দিয়েছিল ৷ দু’দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন ৷

Published : August 30, 2025 at 9:21 PM IST
কলকাতা, 30 অগস্ট: অবশেষে প্রকাশিত হল অযোগ্যদের তালিকা । সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন । শনিবার রাত আটটা নাগাদ এই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন । তালিকা অনুযায়ী 1804 জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে । অর্থাৎ এঁরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না । আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে । সেখানে এই দাগি অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না বলেই কোর্টের তরফে জানানো হয়েছিল ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশ দেয় যে
সাত দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে 'চিহ্নিত অযোগ্য'দের তালিকা প্রকাশ করতে হবে ৷ সেই নির্দেশ দেওয়ার দু’দিনের মাথায় এই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ৷

এই তালিকা প্রকাশের পর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় ৷ সেখানে জানানো হয় যে আগামী 7 ও 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে যাঁদের নাম এই অযোগ্যদের তালিকায় রয়েছে, তাঁদের আবেদন বাতিল করা হল ৷ জানা গিয়েছে, নবম-দশমে আবেদনকারীদের মধ্যে রয়েছেন 1020 জন অযোগ্য ৷ আর একাদশ-দ্বাদশে এই সংখ্যাটা 1120 ৷
যদিও এক্ষেত্রে যোগফলে মোট অযোগ্যের সংখ্যা দু’হাজারের বেশি হয় ৷ তাহলে কীভাবে 1804 জনকে অযোগ্য বলছে কমিশন ৷ এসএসসি সূত্রে খবর, একই প্রার্থী নবম-দশম ও একাদশ-দ্বাদশে আবেদন করতে পারেন ৷ সেই কারণেই আলাদাভাবে দেখলে সংখ্যাটা বেশি মনে হচ্ছে ৷

এই নিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের সদস্য মেহেবুব মণ্ডল বলেন, "সিবিআই-এর তল্লাশির পর প্রকৃত অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে 5303 জন । এর মধ্যে গ্রুপ সি-গ্রুপ ডি শিক্ষাকর্মী ও একাদশ-দ্বাদশ এবং নবম-দশম শিক্ষকেরাও রয়েছেন । এর মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের তালিকা সেখানে একাদশ-দ্বাদশে হচ্ছে 907 । নবম-দশমে হল 952 । মোট 1857 হল অযোগ্য । যারা এখন স্কুলে যাচ্ছে, তারা হচ্ছে প্রকৃতভাবে যোগ্য শিক্ষক ।"

শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘আজ এসএসসি-র 1804 জন অযোগ্য নামের তালিকা প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল বাকিদের বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ নেই । আমরা দাবি করছি ফ্রেশার্সদের জন্য পরীক্ষা হোক ৷ বাকিদের পরীক্ষার সামনে না-ফেলে সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহাল করা হোক । আর অযোগ্যদের জায়গায় 2016-র যোগ্য ওয়েটিংদের নিয়োগ দেওয়া হোক ।"

