ETV Bharat / state

শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির, কতজনের চাকরি হবে ?

গ্রুপ সি'তে মোট শূন্যপদ 2 হাজার 989টি। গ্রুপ ডি'তে শূন্যপদের সংখ্যা 5 হাজার 488টি। চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 7:07 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 অক্টোবর: শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি-দুটি ক্ষেত্রেই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

গ্রুপ সি-তে মোট শূন্যপদ 2 হাজার 989টি। অন্যদিকে, গ্রুপ ডি'তে শূন্যপদের সংখ্যা আরও বেশি- 5 হাজার 488টি। নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 3 নভেম্বর থেকে ৷ চলবে 3 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। প্রার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন ওই দিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত। সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারিত হয়েছে 400 টাকা ৷ আর তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জন্য ফি 150 টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ পর্ব অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে কমিশন। পাশাপাশি প্রকাশিত হবে একটি ওয়েটিং লিস্টও ৷ সেটির মেয়াদ প্রথম কাউন্সেলিং থেকে পরের একবছর পর্যন্ত। প্রয়োজনে সেই সময়সীমা আরও ছ’মাস বাড়ানো যেতে পারে, অর্থাৎ মোট দেড় বছর পর্যন্ত কার্যকর থাকবে তালিকাটি। আবেদনকারীদের বয়সসীমা নির্ধারিত হয়েছে সর্বোচ্চ 40 বছর।

উল্লেখযোগ্যভাবে, এর আগে গত 29 অগস্ট কমিশন জানিয়েছিল, আবেদন প্রক্রিয়া শুরু হবে 16 সেপ্টেম্বর থেকে এবং চলবে 31 অক্টোবর পর্যন্ত। পরে 17 সেপ্টেম্বর ফের এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ সম্ভব নয়। ফলে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যায় ৷ নতুন করে নভেম্বর মাসের প্রথম দিক থেকে প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের তরফে।

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে লেখেন, "পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশে ও পর্যবেক্ষণে রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের আরও একটি ইতিবাচক পদক্ষেপ এটি। আবেদনকারী সকল যুবক-যুবতীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।"

এই বিষয়ে শিক্ষক আন্দোলনের নেতা অমিত মন্ডল বলেন, "বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এখনও সম্পূর্ণ যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। সেটা কবে করা হবে ? সেইসঙ্গে কবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সে বিষয়ও স্পষ্ট করে কোনও কিছু বলা হয়নি। প্রায় সাতমাস ধরে আমদের কোনও বেতন নেই ৷ তাই কতদিনে এই প্রক্রিয়া শেষ হবে সেবিষয়ে স্পষ্ট বার্তা চাই।"