ETV Bharat / state

জোকা ইএসআই হাসপাতালের হস্টেল ক্যাম্পাসে উদ্ধার বস্তা ভর্তি মাংসপিণ্ড

জোকা ইএসআই হাসপাতালের হস্টেল ক্যাম্পাস থেকে উদ্ধার হল বস্তা ভর্তি মাংসপিণ্ড ৷ সেগুলি গোসাপের মাংস বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
জোকা ইএসআই হাসপাতালের হস্টেল ক্যাম্পাসে উদ্ধার বস্তা ভর্তি মাংসপিণ্ড (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 14, 2025 at 6:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 14 ফেব্রুয়ারি: ব্যাগের ভিতর থেকে উদ্ধার মাংসপিণ্ড । তাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল জোকায় ৷ রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন ৷ পরে জানা যায়, মাংসপিণ্ডগুলি গোসাপের ৷

আজ সকালে ঘটনাটি ঘটে জোকা ইএসআই হাসপাতালের বয়েজ হস্টেলের পিছনে । জানা গিয়েছে, একটি বস্তা কুকুরকে টানাটানি করতে দেখে ছুটে আসেন হাসপাতালের ক্যান্টিন কর্মীরা । বস্তাটি দেখে তাঁদের সন্দেহ হয় । তাঁরা সেটি খুলে দেখেন, বস্তার মধ্যে বড় বড় টুকরো করা মাংসপিণ্ড পড়ে আছে । এর পরেই এলাকায় শোরগোল পড়ে যায় ৷

ক্যান্টিন কর্মীরা ইএসআই হাসপাতালের ঊর্ধতন কর্তৃপক্ষকে খবর দেন । পরে জোকার ইএসআই হাসপাতালের তরফ থেকে ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হয় ৷ ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংসপিণ্ডের বস্তাটি উদ্ধার করে । পরে সেই মাংসপিণ্ডগুলি বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । উদ্ধার হওয়া মাংসপিণ্ডগুলি ফরেনসিক চিকিৎসকরা খতিয়ে দেখেন । সেগুলি মানুষের শরীরের মাংস কি না, তা জানতে কৌতূহল তৈরি হয় ৷ তবে পরে জানা যায় যে, মাংসপিণ্ডগুলি গোসাপের ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক এবিষয়ে বলেন, "এই ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি । গোটা বিষয়টি খতিয়ে দেখছি ৷"

ঠাকুরপুকুর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছেন এবং হাসপাতাল লাগোয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন । কে বা কারা ওই ব্যাগটি সেখানে ফেলে গেল তার খোঁজ চলছে ৷ এই ঘটনায় প্রশ্ন উঠেছে যে কীভাবে ব্যস্ত হাসপাতালের হস্টেল ক্যাম্পাসের মধ্যে ব্যাগভর্তি মাংসপিণ্ডগুলি এসে পৌঁছল ? সকলের নজর এড়িয়ে কীভাবে সেগুলি সেখানে এল এই বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ ৷