ETV Bharat / state

হাওড়া স্টেশনে পাচার রুখে চার কিশোরকে উদ্ধার আরপিএফের, গ্রেফতার 2

ধৃত দু'জন পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের বাসিন্দা ৷ চারজন কিশোরকে মুম্বই ও বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন প্রান্তে শিশু শ্রমে নিযুক্ত করার উদ্দেশ্যে ছিল তাদের ৷

child trafficking
হাওড়া স্টেশনে পাচার রুখে চার কিশোরকে উদ্ধার আরপিএফের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 2:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হাওড়া, 15 জুন: হাওড়া স্টেশনে শিশু পাচার রুখে দিল আরপিএফ ৷ অভিযানে চার কিশোরকে উদ্ধার করা হয়েছে ৷ ঘটনায় রেল সুরক্ষা বাহিনীর হাতে গ্রেফতার দুই পাচারকারী ৷

রেল সূত্রে খবর, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে হাওড়া দক্ষিণ শাখার রেল সুরক্ষা বাহিনী একটি বিশেষ অভিযান চালায় হাওড়া স্টেশনে ৷ সেই সময় চার নাবালককে পাচারের হাত থেকে রক্ষা করে আরপিএফ । বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিকের নতুন কমপ্লেক্সে (প্ল্যাটফর্ম নম্বর 21) সন্দেহজনকভাবে বসে ছিল চার কিশোর এবং দু'জন প্রাপ্তবয়স্ক পুরুষ ৷ তাদেরকে চিহ্নিত করেন হাওড়া দক্ষিণ পোস্টের সাব-ইনস্পেক্টর সোনু কুমার এবং তাঁর সঙ্গী এনজিও কর্মীরা ।

প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব বর্ধমানের বাসিন্দা বছর কুড়ির ধৃত সৌরভ মাজি ও মুর্শিদাবাদের বাসিন্দা রিয়াজ শেখ নাবালকদের মুম্বই ও বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন প্রান্তে শিশু শ্রমে নিযুক্ত করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল । উদ্ধার হওয়া কিশোররা নিজেরাই স্বীকার করে নেয়, তাদের শ্রমিক হিসেবে কাজে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে ।

এরপরেই ধৃত দুই পাচারকারীকে সঙ্গে সঙ্গে আটক করে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয় । একই সঙ্গে চার নাবালককেও হেফাজতে নেয় জিআরপি । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর 143(5) ধারা এবং শিশু শ্রম (নিষেধ ও নিয়ন্ত্রণ) আইন,1986-র 14 নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে ।

পূর্ব রেল জানিয়েছে, শিশু পাচার ও শ্রমিক হিসেবে নাবালকদের কাজে লাগানোর মতো অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে । আরপিএফ সর্বদা কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সমাজসেবা সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করে এমন অপরাধ প্রতিরোধে সচেষ্ট থাকবে । এই সাফল্যপূর্ণ অভিযান রেল সুরক্ষা বাহিনীর সজাগ দৃষ্টিভঙ্গি এবং মানব পাচারের বিরুদ্ধে রেলের অঙ্গীকারের জ্বলন্ত প্রমাণ । পূর্ব রেল আশ্বাস দিয়েছে, তারা সমাজের সবচেয়ে দুর্বল ও ঝুঁকিপূর্ণ অংশের নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার রক্ষায় সদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ।