24 ঘণ্টা পেরিয়ে জঙ্গলে ফিরল দেউলবাড়িতে খাঁচাবন্দি দক্ষিণরায়
শনিবার মধ্যরাতে খাঁচাবন্দি করা হয় পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে ৷ তারপর শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ঝড়খালিতে ৷

Published : June 15, 2025 at 8:17 PM IST
|Updated : June 15, 2025 at 8:57 PM IST
সুন্দরবন, 15 জুন: অবশেষে ঘরে ফিরল কুলতলির দেউবাড়িতে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ ৷ শনিবার গভীর রাতে বাঘটিকে ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি করা হয় ৷ বাঘটির শারীরিক পরীক্ষার পর বন দফতর বাঘটিকে সুন্দরবনের চামতার জঙ্গলে ছেড়েছে এ দিন দুপুরের পর ৷
জানা গিয়েছে, শনিবার সকালে কুলতলি ব্লকের অন্তর্গত দেউলবাড়ি এলাকায় চাষের জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী ৷ মুহূর্তের মধ্যে এলাকায় বাঘ ঢুকেছে সেই খবর ছড়িয়ে পড়ে ৷ আতঙ্কে নিজেদের ঘরবন্দি করে নেয় লোকজন ৷ খবর দেওয়া হয়, স্থানীয় থানা ও বন দফতরে ৷
লোকালয়ে বাঘ ঢোকার খবর পেয়ে দ্রুত দেউলবাড়িতে পৌঁছান বনকর্মীরা ৷ ধানের জমিতে বাঘের পায়ের ছাপ অনুসরণ করে, তার গতিবিধি সম্পর্কে ধারণা তৈরি করেন বন দফতরের কর্মীরা ৷ সেই মতো বাঘ যে দিকে গিয়েছে, সেই দিক থেকে জাল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয় ৷ এরপর ছাগলের টোপ দিয়ে বেশ কয়েকটি খাঁচা পাতে বন দফতর ৷ সেই সঙ্গে চলতে থাকে বাঘের খোঁজে তল্লাশি ৷
শনিবার গভীর রাতে হঠাৎই, একটি খাঁচা থেকে ছাগলের চিৎকারের শব্দ পান বনকর্মীরা ৷ সেই খাঁচার কাছে গিয়ে দেখা যায়, টোপ গিলেছে বাঘটি ৷ আর বন দফতরের পাতা ফাঁদে ধরাও দিয়েছে সে ৷ এরপর খাঁচায় বন্দি বাঘকে নিয়ে যাওয়া হয় ঝড়খালিতে ৷ সেখানে বাঘটির শারীরিক পরীক্ষা করা হয় ৷ জানা গিয়েছে, পূর্ণবয়স্ক পুরুষ এই রয়্যাল বেঙ্গল টাইগারটি সুস্থ রয়েছে ৷
তারপরেই রবিবার দুপুরে বাঘটিকে বন দফতরের বিশেষ লঞ্চে চামতার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ৷ জঙ্গলের কাছে গিয়ে লঞ্চে থাকা খাঁচার দরজা খুলতেই নদীতে ঝাঁপ দেয় দক্ষিণরায় ৷ এরপর সাঁতরে গভীর জঙ্গলে ফিরে যায় সে ৷
এ নিয়ে দক্ষিণ 24 পরগনার মুখ্য বন বিভাগীয় আধিকারিক বা ডিএফও নিশা গোস্বামী বলেন, "গতকাল সকালে কুলতলি এলাকার দেউলবাড়িতে বন দফতরের কর্মীরা খবর পান এলাকায় একটি বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে ৷ সময় নষ্ট না-করে দ্রুত সেখানে পৌঁছান আমাদের কর্মীরা ৷ এরপর বাঘের পায়ের ছাপ দেখে, তার গতিপথ অনুসরণ করা হয় ৷ গ্রামবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ৷ বাঘটিকে ধরার জন্য বসানো হয়েছিল খাঁচা ৷ গভীর রাতে বাঘটি খাঁচা বন্দি হয় ৷ আজ সকালে বাঘটিকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয় ৷ তারপর সুন্দরবনের চামতা জঙ্গলে বাঘটিকে পুনরায় ছেড়ে দেওয়া হয়েছে ৷"

