ETV Bharat / state

আজও ঢেঁকিতেই ভাঙা হয় ধান, হাওড়ার রায়পাড়াতে শোনা যায় চাল কোটার গান

পৌষ পার্বণ উৎসবের সময় চাল ভাঙাতে একত্রিত হন পাঁচলার রায়পাড়ার বাসিন্দা ৷ তিন টাকায় ঢেঁকি ভাড়া নিয়ে চাল ভাঙান গ্রামবাসীরা ৷

MAKAR SANKRANTI 2025
আজও 'মর্তে' ধান ভাঙে ঢেঁকি, হাওড়ার রায় পাড়াতে শোনা যায় চাল কোটার গান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 14, 2025 at 8:11 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হাওড়া, 14 জানুয়ারি: "ও বউ চাল কোটেরে ঢেঁকিতে পাড় দিয়া, নতুন চাল কোটেরে হেলিয়া দুলিয়া, ও বউ চাল কোটেরে ঢেঁকিতে পাড় দিয়া..." অতীতে অগ্রহায়ণ-পৌষ মাস পড়লেই গ্রাম বাংলার আনাচে-কানাচে বাড়ির মহিলাদের মুখে শুনতে পাওয়া যেত ঢেঁকিতে চাল কোটার এই গান ৷ যদিও, সেই সব আজ অতীত ৷ ব্যস্ত সময়ে মানুয চায় হাতে তৈরি জিনিস ৷ তবে, হাওড়ার পাঁচলা ব্লকের রায়পাড়ায় এখনও ঢেঁকির শব্দ পাওয়া যায় পৌষ পার্বণের সময় ৷

অগ্রহায়ণ মাসের শেষ থেকে এই গ্রামের সৌমেন রায়ের বাড়ি থেকে ঢেঁকির খট-খট শব্দ ভেসে আসে ৷ কারণ, এখানে এই একটি বাড়িতেই রয়েছে ঢেঁকি ৷ যেখানে রায়পাড়া তো বটেই, আশেপাশের গ্রামের লোকজনও চাল নিয়ে আসেন ভাঙানোর জন্য ৷ পৌষ পার্বণে ঢেঁকিতে ভাঙা সেই চাল দিয়েই তাঁরা তৈরি করেন পিঠে, পুলি ও পায়েস ৷

আজও ঢেঁকিতেই ভাঙা হয় ধান, হাওড়ার রায়পাড়াতে শোনা যায় চাল কোটার গান (ইটিভি ভারত)

রায়বাড়ির সদস্য সৌমেন রায় ৷ তিনি বলেন, "আমি ছোটবেলা থেকে বাড়িতে এই ঢেঁকি দেখে আসছি ৷ তখন মা-কাকিমাদের দেখতাম ঢেঁকিতে ধান ভাঙতে ৷ সেই সময়ও আমাদের গ্রামের লোকজন আসত ঢেঁকিতে চাল গুঁড়ো করতে ৷ সেই সময় ঢেঁকি ভাড়া দেওয়া হতো ৷ চার আনা, পঞ্চাশ পয়সাতেও ঢেঁকি ভাড়া দেওয়া হয়েছে ৷ সেই সময়টা অবশ্য আলাদা ছিল ৷ এখন তিন টাকায় ভাড়া দিই ৷ এই এলাকায় আমাদের বাড়িতেই ঢেঁকি রয়েছে ৷ জায়গা রয়েছে বলেই রেখেছি ৷ যেদিন রাখার জায়গা থাকবে না, সেদিন তুলে দিতে হবে ৷"

রায়বাড়ির গৃহবধূ অঙ্কিতা রায় বলেন, "আমি ছয় বছর হল বিয়ে করে এসেছি ৷ তখন থেকেই এই ঢেঁকি দেখছি ৷ আমিও গ্রামের মেয়ে ৷ তবে, বইতে পড়েছি ৷ সামনে থেকে শ্বশুরবাড়ি এসেই ঢেঁকি দেখেছি ৷ শাশুড়ির কাছে চাল ভাঙানো শিখেছি ৷ অগ্রহায়ণ মাসের শেষ থেকেই লোকজন আসতে শুরু করে ৷ বাইরে থেকেও লোকজন আসেন, চাল ভাঙিয়ে নিয়ে যান ৷ আমরা প্রতিবছর ঢেঁকিতে চাল ভাঙিয়ে, সেই গুঁড়ি দিয়েই পিঠে বানাই ৷"

Makar Sankranti 2025
হাওড়ার রায় পাড়ায় ঢেঁকিতে ধান ভাঙছেন বৃদ্ধা ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, পৌষ মাসে নতুন ধান কাটার পর, তার থেকে চাল বের করা ৷ নতুন শস্য ঘরের তোলার এই আনন্দকেই বহু যুগ ধরে গ্রামীণ বাংলার মানুষ উৎসব হিসেবে পালন করেন ৷ যার পোশাকি নাম পৌষ পার্বণ ৷ সেখানে নতুন চালের গুঁড়ো দিয়ে পিঠে, পুলি বানানোর চল বহু পুরনো ৷ কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে গ্রামীণ বাংলার সেই উৎসব ও তার উদযাপনের পদ্ধতি বদলেছে ৷

ব্যস্ততার যুগে বাড়িতে মেশিনে ভাঙানোর চালের গুঁড়োয় পিঠে বানাতেই স্বাচ্ছন্দবোধ করেন সকলে ৷ তবে, সেই সংখ্যাটাও বর্তমানে অনেক কম ৷ আর ঢেঁকিতে চাল ভাঙিয়ে, তা দিয়ে পিঠে বানানো প্রায় ইতিহাসের পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ তবুও, পাঁচলার রায়পাড়ার মতো, কোথাও-কোথাও ঢেঁকিতে চাল ভাঙানোর রীতি বজায় রয়েছে ৷ তবে, তা কতদিন জীবিত থাকবে, সেটাই বড় প্রশ্ন ৷