ডিজিটাল অ্যারেস্টের 'শিকার' অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, ধাপে-ধাপে খোয়ালেন দেড় কোটি !
হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলে নজরবন্দি করে রেখে প্রতারণার অভিযোগ সাইবার প্রতারকদের বিরুদ্ধে ৷

Published : July 9, 2025 at 6:06 PM IST
বেলঘব়িয়া, 9 জুলাই: ফের 'ডিজিটাল অ্যারেস্ট'-এর নামে সাইবার জালিয়াতি ! প্রতারণার শিকার হলেন বেলঘরিয়ার এক বাসিন্দা ৷ অভিযোগ, 'ডিজিটাল অ্যারেস্ট' দেখিয়ে দফায়-দফায় তাঁর কাছ থেকে 1 কোটি 55 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা ৷ এ নিয়ে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সুশান্তকুমার আচার্য ৷ ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অন্তর্গত সাইবার সেলকে এর তদন্তভার দেওয়া হয়েছে ৷
কীভাবে সাইবার জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ?
বেলঘরিয়ার শীতলাতলা স্ট্রিটের বাসিন্দা সুশান্তকুমার আচার্য একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৷ অভিযোগে তিনি জানিয়েছেন, গত 17 জুন থেকে 3 জুলাইয়ের মধ্যে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ৷ তারা কখনও নিজেদের ট্রাই, আবার কখনও সিবিআই কিংবা সাইবার ক্রাইম শাখার উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দেয় ৷
এরই সঙ্গে বলা হয়, তিনি একটি হাওয়ালা মামলায় যুক্ত ৷ একথা বলে তাঁকে 'ডিজিটাল অ্যারেস্ট' করা হয় বলে দাবি করা হয় ৷ এমনকি তাঁকে জানানো হয়, তিনি ওই মুহূর্ত থেকে গৃহবন্দি এবং 24 ঘণ্টার নজরদারিতে রয়েছেন ৷ এরপরেই সুশান্তকুমারের কাছে টাকা চাওয়া হয় ৷ তাঁর দাবি, প্রতিনিয়ত মানসিক চাপে রাখা হয়েছিল তাঁকে ৷ ভিডিয়ো কলের মাধ্যমে নজরদারি চালিয়ে প্রতারকরা RTGS-এর মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করে সুশান্তকুমার আচার্যকে ৷
অভিযোগ, ভয় দেখিয়ে ও মানসিক চাপ দিয়ে দফায়-দফায় তাঁর থেকে 1 কোটি 55 লক্ষ টাকা আদায় করে প্রতারকরা ৷ সুশান্ত পুলিশকে জানিয়েছেন, মোটা অংকের টাকা খোয়ানোর পর তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন ৷ সাইবার জালিয়াতদের শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সুশান্তকুমার আচার্য ৷ বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷
অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের সাইবার সেলের আধিকারিকরা ৷ ব্যারাকপুরের ডিসিপি (দক্ষিণ) অনুপম সিং বলেন, "যে নম্বর থেকে ফোন এসেছিল সেটি এবং আর্থিক লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে ৷" এরই সঙ্গে সাইবার জালিয়াতির ঘটনায় সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, গত কয়েক দিনে 'ডিজিটাল অ্যারেস্ট' ও আরও নানারকমভাবে সাইবার জালিয়াতি করে দেশের বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে ৷ এবার সাইবার জালিয়াতির ফাঁদে পড়ে 1 কোটি 55 লক্ষ টাকার প্রতারণার ঘটনা সমানে এল বেলঘরিয়ায় ৷

